images

আন্তর্জাতিক

লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, ২ মালয়েশিয়ান শান্তিরক্ষী আহত

আন্তর্জাতিক ডেস্ক

১২ জুন ২০২৬, ০১:৫৫ পিএম

লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন শান্তিরক্ষা মিশন (ইউনিফিল)-এর একটি লজিস্টিক গাড়িবহরে হামলায় মালয়েশিয়ার ২ জন শান্তিরক্ষী আহত হয়েছেন।

শুক্রবার (১২ জুন) এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিখ  এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের হ্যারিস গ্রামের কাছে এই হামলার ঘটনা ঘটে। আহত দুই শান্তিরক্ষীর অবস্থা স্থিতিশীল। হামলাটি ঠিক কারা বা কোন পক্ষ চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে জাতিসংঘএই ঘটনার তদন্ত শুরু করবে। 

মুখপাত্র আরও বলেন, এই ঘটনার পাশাপাশি, দক্ষিণ লেবাননের বিন্ত জেবেল এলাকার কাছে জাতিসংঘের আরেকটি বহরকে লক্ষ্য করে ইসরায়েলি সামরিক ট্যাংক থেকে গুলি চালানো হয়। যার ফলে বহরটি বিকল্প পথ ব্যবহার করে নিরাপদে গন্তব্যে পৌঁছায়। এছাড়াও বুধবার জাতিসংঘের শান্তিরক্ষীরা বিয়াদা এলাকায়ও উল্লেখযোগ্য ড্রোন তৎপরতা দেখতে পেয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সব পক্ষকে জাতিসংঘের কর্মী এবং সম্পদের নিরাপত্তা ও অলঙ্ঘনীয়তা বজায় রাখার জন্য কঠোর আহ্বান জানান জাতিসংঘের এই মুখপাত্র। 

প্রসঙ্গত, লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন শান্তিরক্ষা মিশন বা ইউনিফিল দক্ষিণ লেবাননে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং ইসরায়েল ও লেবাননের মধ্যকার সীমান্ত চুক্তি (ব্লু লাইন) পর্যবেক্ষণ করে থাকে। সম্প্রতি লেবানন ও ইসরায়েলের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউনিফিল ব্যাপকভাবে হামলার শিকার হচ্ছে। গত মার্চ থেকে এ পর্যন্ত মাত্র ৩ মাসে কমপক্ষে ৭ জন শান্তিরক্ষী নিহত এবং বহু সদস্য আহত হয়েছেন।

সূত্র: মিডল ইষ্ট আই 

 

এমএইচআর