আন্তর্জাতিক ডেস্ক
১১ জুন ২০২৬, ০৫:৫১ পিএম
দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান দেশ আলবেনিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের একটি বিলাসবহুল রিসোর্ট প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ করেছে দেশটির হাজার হাজার মানুষ।
বুধবার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এডি রামার কার্যালয়ের বাইরে জড়ো হন বিক্ষোভকারীরা এবং এই নির্মাণ প্রকল্প অবিলম্বে স্থগিত করার দাবি তোলেন। এই বিক্ষোভ সমাবেশ শহরের অন্যতম প্রধান একটি রাজপথ ধরে প্রায় আধা মাইল পর্যন্ত বিস্তৃত ছিল। এসময় বিক্ষোভকারীদের হাতে ছিল ‘আলবেনিয়া বিক্রির জন্য নয়’ লেখা প্ল্যাকার্ড।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রায় ৫ দশমিক ৮ বিলিয়ন ডলার ব্যয়ে জ্যারেড কুশনারের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘অ্যাফিনিটি পার্টনার্স’-এর এই বিলাসবহুল রিয়েল এস্টেট প্রকল্পটি আলবেনিয়ার ভিয়সা-নার্টা সংরক্ষিত জলাভূমি ও সজান দ্বীপের কাছে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এই অঞ্চলটি পরিযায়ী ফ্লেমিঙ্গো পাখি, সিল এবং সামুদ্রিক কচ্ছপের অন্যতম প্রধান প্রজনন ক্ষেত্র।
পরিবেশবাদীদের আশঙ্কা, এখানে হোটেল ও ভিলা তৈরি হলে এই সংবেদনশীল বাস্তুতন্ত্র স্থায়ীভাবে ধ্বংস হয়ে যাবে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, সরকার নামমাত্র স্বার্থে কোনো ধরনের উন্মুক্ত দরপত্র বা স্বচ্ছতা ছাড়াই ট্রাম্প-কুশনার পরিবারের কাছে দেশের মূল্যবান জমি বা সম্পদ তুলে দিচ্ছে। এটি একটি অতি-বিলাসবহুল প্রকল্প যা কেবল বিশ্বজুড়ে থাকা বিলিয়নেয়ারদের লক্ষ্য করে তৈরি করা হচ্ছে। সাধারণ আলবেনীয়রা যখন কম পেনশন এবং উচ্চ জীবনযাত্রার ব্যয়ে ভুগছেন, তখন ধনীদের জন্য এমন প্রকল্পকে তারা মেনে নিতে পারছেন না।
এদিকে বিক্ষোভের মুখে আলবেনিয়ার বিশেষ দুর্নীতিবিরোধী প্রসিকিউটর সংস্থা (এসপিএকে) এই প্রকল্পের সাথে যুক্ত একটি স্থানীয় ল্যান্ডহোল্ডিং কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট এবং সম্পদ অবরুদ্ধ করেছে। জমির ভুয়া মালিকানা বা টাইটেল জালিয়াতির অভিযোগ খতিয়ে দেখতে এই তদন্ত শুরু হয়েছে।
এ ঘটনায় এর আগে সরকারের উপ-প্রধানমন্ত্রী বেলিন্ডা বালুকু-কে দুর্নীতির অভিযোগে বরখাস্ত করা হলেও জনগণের ক্ষোভ কমেনি। আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী এডি রামা এবং তার সরকারের পদত্যাগ দাবি করছেন।
অন্যদিকে আলবেনিয়া বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ পাওয়ার চেষ্টা করছে। তবে ইউরোপীয় কমিশন ইতিমধ্যে আলবেনিয়াকে সতর্ক করে বলেছে, এই সুরক্ষিত অঞ্চলে রিসোর্ট তৈরি করা হলে তা ইইউ-এর পরিবেশগত আইনের সরাসরি লঙ্ঘন হবে এবং এর ফলে আলবেনিয়ার ইইউ-তে যোগদানের প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে।
এতকিছুর পরও প্রধানমন্ত্রী এডি রামা এই প্রকল্পের পক্ষে সাফাই গেয়েছেন। তার দাবি, এই রিসোর্টটি আলবেনিয়ার পর্যটন খাতকে আমূল বদলে দেবে এবং দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে। তবে দেশটির পরিবেশবাদী গোষ্ঠী এবং সাধারণ জনতা এই দাবি প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
সূত্র: রয়টার্স, আলজাজিরা
এমএইচআর