Dhaka Mail Logo

আন্তর্জাতিক

থাইল্যান্ডে বোমা হামলার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

১১ জুন ২০২৬, ১২:৫২ পিএম

২০১৫ সালে ব্যাংককের একটি মন্দিরে বোমা হামলা চালানোর দায়ে দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন থাইল্যান্ডের একটি আদালত। এই হামলায় ২০ জন নিহত হন, যা দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বোমা হামলা হিসেবে বিবেচিত।

বৃহস্পতিবার দীর্ঘ বিলম্বের পর আদালত রায় ঘোষণা করেন। রায়ে দুই উইঘুর ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়— তারা হলেন ইউসুফু মিয়েরাইলি এবং বিলাল মোহাম্মদ। ২০১৫ সালের ১৭ আগস্ট ব্যাংককের বাণিজ্যিক এলাকার কেন্দ্রে অবস্থিত এরাওয়ান মন্দিরে বোমা স্থাপনের ঘটনায় তাদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগ প্রমাণিত হয়েছে।

চার বিচারকের বেঞ্চের একজন বলেন, ‘আসামিরা একটি মাত্র কাজের মাধ্যমে একাধিক আইন লঙ্ঘন করেছে। তাই আদালত আইনের সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ড প্রদান করেছেন।’

অভিযুক্তরা নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছিলেন।

ব্যাংককের এই ভয়াবহ হামলা নিয়ে প্রায় এক দশক ধরে বিচারপ্রক্রিয়া চলেছে, যা কোভিড-১৯ জনিত বিঘ্ন এবং দোভাষী সংকটের কারণে বারবার বিলম্বিত হয়।

এই বিস্ফোরণে ১০০ জনের বেশি মানুষ আহত হন। নিহতদের মধ্যে একাধিক চীনা পর্যটকও ছিলেন। পর্যটকদের কাছে জনপ্রিয় এরাওয়ান হিন্দু মন্দিরে রাখা একটি ব্যাকপ্যাকের ভেতরে রাখা বিস্ফোরক দিয়ে এই হামলা সংঘটিত হয়েছিল বলে ধারণা করা হয়।

এফএ