images

আন্তর্জাতিক

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

১০ জুন ২০২৬, ০৯:০৬ পিএম

পাকিস্তান অধিকৃত কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদের কাছে দেশটির সেনাবাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা সব আরোহী নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। 

আইএসপিআর এক বিবৃতিতে বলেছে, ‘বুধবার (১০ জুন) সকালে ঘটা এই দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা সকল আরোহী শাহাদাত বরণ করেছেন... কেউ বেঁচে নেই। উদ্ধার ও পুনরুদ্ধারকারী দলগুলো অবিলম্বে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে।”

তবে ওই উড়োজাহাজে সামরিক বাহিনীর কতজন সদস্য ছিলেন বিষয়ে কোনও তথ্য জানায়নি পাক আইএসপিআর।

বিবৃতিতে আরও বলা হয়, উড্ডয়নের সময় হেলিকপ্টারটিতে কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয়ের জন্য একটি তদন্ত বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান (সিডিএফ) ও সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ অসীম মুনির এবং সেনাবাহিনীর সব স্তরের কর্মকর্তা-সদস্যরা হেলিকপ্টার বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

এছাড়াও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হেলিকপ্টার দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বলে  জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এপিপি।

প্রসঙ্গত, পাকিস্তান সেনাবাহিনীর বিমান শাখা ১৯৯০-এর দশকের শেষের দিকে রাশিয়ায় তৈরি এমআই-১৭ পরিবহন হেলিকপ্টার পরিচালনা শুরু করে। হেলিকপ্টারটি ব্যবহারিক, পরিবহন এবং যুদ্ধকালীন ভূমিকা পালন করতে পারে। এটিতে তিনজন ক্রু সদস্য থাকে এবং ২৪ জন সৈন্য অথবা চার টন পর্যন্ত মালামাল বহনের জায়গা রয়েছে। বিগত বছরগুলোতে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ২২টি এমআই-১৭ হেলিকপ্টার সংস্কার ও মেরামত করতে সাহায্য করেছে।

এর আগে, গত বছরের সেপ্টেম্বরে গিলগিট-বালতিস্তানের দিয়াম জেলায় ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে একটি সেনা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ সৈন্য নিহত হন। একই বছরের আগস্টে খাইবার পাখতুনখোয়া সরকারের একটি উদ্ধারকারী হেলিকপ্টার বৈরী আবহাওয়ার কারণে মোহমান্দ জেলায় বিধ্বস্ত হলে দুই পাইলট ও তিন ক্রু সদস্য নিহত হন।

সূত্র: ডন

এমএইচআর