images

আন্তর্জাতিক

এবার কিউবায় শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ফ্লোরিডা-মেক্সিকোও

আন্তর্জাতিক ডেস্ক

০৯ জুন ২০২৬, ০৭:৫২ এএম

এশিয়ার ছয় দেশে ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার কিউবা উপকূলে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দক্ষিণাঞ্চলসহ আশপাশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার।

সোমবার কিউবার পশ্চিম উপকূলসংলগ্ন দক্ষিণ মেক্সিকো উপসাগরে এই ভূমিকম্প আঘাত হানে। খবর এনবিসি নিউজের।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কিউবার মানতুয়া শহরের পশ্চিম-উত্তর-পশ্চিমে প্রায় ৬৪ দশমিক ৯ মাইল দূরে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার সামাজিক মাধ্যমে এক্সে জানিয়েছে, এ ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, ভূমিকম্পের ফলে মানুষের ঘরের বিভিন্ন জিনিসপত্র হালকাভাবে দুলছে।

পাম বিচের এক বাসিন্দা টিকটকে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি কম্পন অনুভব করেছি।’ তার ভিডিওতে একটি গাছকে দুলতে দেখা যায়।

ফ্লোরিডার হলিউড শহরের আরেক বাসিন্দা জানিয়েছেন, তিনি সোফায় বসে থাকার সময় নড়াচড়া অনুভব করেন।

মায়ামি বিচ ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

এদিকে মেক্সিকোতেও কম্পন অনুভূত হয়েছে। প্লায়া দেল কারমেনের এক ব্যক্তি এক্সে লিখেছেন, ‘সবকিছুই কাঁপছিল।’

তিনি আরও বলেন, ‘প্রায় এক মিনিট ধরে প্রবল কম্পন অনুভূত হয়েছে। লস অ্যাঞ্জেলেসে আমি যে দুটি ভূমিকম্পের অভিজ্ঞতা পেয়েছি, তার চেয়েও এটি বেশি ছিল। শেষ হওয়ার আগ পর্যন্ত বেশ ভয়ের মধ্যে ছিলাম।’

এমআর