Dhaka Mail Logo

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক হামলার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

০৮ জুন ২০২৬, ০৩:৪৪ পিএম

জ্বালানি স্থাপনায় নতুন করে হামলা হলে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা তার মিত্রদের সঙ্গে সংশ্লিষ্ট সব তেল, গ্যাস এবং পেট্রোকেমিক্যাল স্থাপনায় ভয়াবহ হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে ইরান।

সোমবার (৮ জুন) নির্ভরযোগ্য সূত্রের বরাতে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ফারস নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা অব্যাহত থাকলে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের সঙ্গে সংশ্লিষ্ট তেল ও গ্যাস স্থাপনাকে লক্ষ্যবস্তু করবে ইরানি সশস্ত্র বাহিনী।

সূত্র বলছে, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের অংশীদারত্ব রয়েছে, এমন যেকোনও তেল কিংবা জ্বালানি কোম্পানিকে বৈধ নিশানা হিসেবে বিবেচনা করবে তেহরান।

এর আগে, ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত মাহশাহর পেট্রোকেমিক্যাল কোম্পানিতে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইসরায়েলের বন্দর নগরী হাইফায় অবস্থিত একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় সোমবার (৮ জুন) পাল্টা হামলা চালিয়েছে ইরান।

ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত মাহশাহর পেট্রোকেমিক্যাল কোম্পানিতে গত এপ্রিলেও হামলা চালিয়েছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এছাড়া, রোববার (৭ জুন) যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে ইসরায়েল।

এই হামলার জবাবে একই দিন রাতে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের সামরিক বাহিনী। 

এরপর সোমবার সকালে ইরানের রাজধানী তেহরান, ইস্ফাহানসহ তিনটি শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল।

এসব ঘটনার পাল্টা জবাব হিসেবে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরাও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 

এর এক ঘণ্টার মধ্যে ইরান থেকেও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়। দেশটি ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে। অপরদিকে ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে।

-এমএমএস