images

আন্তর্জাতিক

ইসরায়েলে গোলাগুলিতে একজন নিহত, আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

০৮ জুন ২০২৬, ০১:২৪ পিএম

ইসরায়েলি পুলিশ ও জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, মধ্য ইসরায়েলের একাধিক স্থানে রোববার (৭ জুন) হঠাৎ গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন।

জানা গেছে, অধিকৃত পশ্চিম তীরের কাছে কালকিলিয়া শহরের কাছে তিনটি স্থানে এই গোলাগুলির ঘটনা ঘটে, এতে ৩৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। খবর মিডলইস্ট আইয়ের।

ইসরায়েলের চিকিৎসা জরুরি পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, হাসপাতালে ভর্তি করা ৪০-এর কোঠায় থাকা এক ব্যক্তির অবস্থা গুরুতর।

চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, তারা কোচাভ ইয়ার শহরের কাছে একটি পেট্রোল স্টেশনে আহত দুই ব্যক্তির চিকিৎসা করেছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। মধ্য ইসরায়েলের আরেকটি বসতি সুর ইৎজাকের কাছেও একজন পুরুষ ও একজন নারী আহত হয়েছেন।

ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভির বলেছেন, সন্দেহভাজনদের 'অবশ্যই মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে'।

রোববার এক বিবৃতিতে পুলিশ জানায়, বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং তল্লাশি অব্যাহত আছে। তারা জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যম গুলিতে নিহত ৩৫ বছর বয়সী ব্যক্তিকে একজন ইসরায়েলি নাগরিক হিসেবে শনাক্ত করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী এর আগে জানিয়েছিল যে, তাদের বাহিনী তাইবে শহরের বাসিন্দা এবং ইসরায়েলের একজন ফিলিস্তিনি নাগরিককে সন্দেহভাজন হামলাকারী মনে করে গুলি করে হত্যা করেছে। এছাড়া দ্বিতীয় একজন সন্দেহভাজন আহত অবস্থায় পালিয়ে যায়।

তবে, দ্য টাইমস অফ ইসরায়েল-এর মতে, পুলিশ কর্মকর্তারা পরে জানান যে ওই হামলায় কেবল একজনই হামলাকারীই জড়িত ছিল এবং ব্যাপক তল্লাশির পর তাকে গুলি করে হত্যা করা হয়।

ইসরায়েলি পুলিশ আরও জানিয়েছে যে, তারা হামলায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করেছে। এটি একটি হাতে তৈরি 'কার্লো' সাবমেশিনগান, যা কার্ল গুস্তাভ নামেও পরিচিত এবং প্রায়শই ফিলিস্তিনি যোদ্ধারা ব্যবহার করে থাকে।

ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ ইয়াল জামির অধিকৃত পশ্চিম তীরে অভিযান অব্যাহত রাখার জন্য নির্দেশ জারি করেছেন।

সেনাবাহিনী জানিয়েছে, তাদের সৈন্যরা বেশ কয়েকটি ফিলিস্তিনি গ্রাম ঘিরে ফেলেছে এবং নিকটবর্তী পশ্চিম তীরের সীমান্ত পারাপার বন্ধ করে দিয়েছে।

ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গভির বলেছেন, যদি সন্ত্রাসীকে জীবিত ধরা হয়, তবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এটাই আইন এবং আমরা এর বাস্তবায়ন দাবি করব।

-এমএমএস