আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুন ২০২৬, ১১:২১ এএম
ইরান থেকে ইসরায়েলে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। একই সময়ে ইয়েমেন থেকেও ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
আইডিএফ এক বিবৃতিতে জানায়, ইরান থেকে আসা এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। পাশাপাশি সতর্কতা সাইরেন বেজে উঠলে সাধারণ নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, জেরুজালেমের আকাশে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত হওয়ার পর ধোঁয়া দেখা যায়। এতে স্থানীয়ভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অন্যদিকে ইয়েমেন থেকে ছোড়া আরেকটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর সেটি প্রতিহত করার চেষ্টা চলছে বলে জানায় আইডিএফ। এ সময় জেরুজালেম, তেল আবিবসহ ইসরায়েলের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে।
পরবর্তীতে আইডিএফ জানায়, পরিস্থিতি পর্যালোচনার পর নাগরিকদের নিরাপদ আশ্রয় থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে ধারাবাহিক হামলা ও পাল্টা প্রতিরক্ষা ব্যবস্থার কারণে দেশজুড়ে উচ্চ সতর্কতা বজায় রয়েছে।
এর আগে একই সময়ে ইরান থেকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে দাবি করে আইডিএফ। তারা জানায়, সবগুলো ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।
এদিকে ইসরায়েলও ইরানের বিভিন্ন শহরে পাল্টা হামলা চালিয়েছে। মধ্যরাতে চালানো ওই হামলায় তেহরান, তাবরিজ ও ইসফাহানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
আইডিএফ দাবি করেছে, তারা পশ্চিম ও মধ্য ইরানের নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হামলার পর তেহরানসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সব মিলিয়ে ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এমআর