images

আন্তর্জাতিক

মায়ের কোলে ৭ মাসের শিশুকে গুলি করে হত্যা করল ইসরায়েলি সেনা 

আন্তর্জাতিক ডেস্ক

০৭ জুন ২০২৬, ০২:৪৬ পিএম

অধিকৃত পশ্চিম তীরের প্রচীন শহর হেবরনে মায়ের কোলে থাকা সাত মাস বয়সি এক ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে বর্বর ইসরায়েলি সেনারা।  

গত শুক্রবার (৫ জুন) একটি গাড়িতে দখলদার সেনারা গুলি চালানোর পর এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পরিবার ও ইসরাইলি কর্তৃপক্ষ।  খবর এনডিটিভির। 

নিহত শিশুর নাম স্যাম ফাহদ আবু হাইকাল। গুলিতে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার বাবা-মাও আহত হয়েছেন।

পরিবারের দাবি, টেল রুমেইদা এলাকায় ইসরায়েলি সেনারা তাদের গাড়ি থামাতে নির্দেশ দিলে তারা গাড়ি থামান। 

শিশুটির বাবা ফাহদ আবু হাইকাল বলেন, তিনি গাড়ি সম্পূর্ণ থামিয়ে হাত স্টিয়ারিংয়ে তুলেছিলেন, এরপরই সেনারা গুলি চালায়।

তিনি বলেন, গুলিটি প্রথমে তার হাতে লাগে, পরে পেছনের সিটে মায়ের কোলে থাকা তার শিশুটিকে আঘাত করে। সেসময় গাড়িতে মায়ের সঙ্গে ১১ বছর বয়সি আরেক সন্তানও ছিল।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজকে তিনি জানান, ঘটনাস্থলটি ছিল দিনের আলোয় স্পষ্টভাবে দৃশ্যমান এবং গাড়ির ভেতরে একটি পরিবার ছিল—এতে কোনো ভুল বোঝার সুযোগ ছিল না।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ধারণা করেছিল গাড়িটি তাদের দিকে এগিয়ে আসছিল, তাই গুলি চালানো হয়। তবে পরে তারা জানিয়েছে ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং বেসামরিকদের ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেছে।

isrl

প্রাথমিক সামরিক তদন্তে বলা হয়েছে, আহত ব্যক্তিরা কোনো সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন না।

পরিবার এই ঘটনার পূর্ণ তদন্ত ও দায়ীদের জবাবদিহির দাবি জানিয়েছে। শিশুটির বাবা বলেন, ‘আমি চাই এই ঘটনার জন্য দায়ী সেনাকে জবাবদিহির আওতায় আনা হোক। 

মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেক শিশু রয়েছে।

-এমএমএস