আন্তর্জাতিক ডেস্ক
০৬ জুন ২০২৬, ১০:৪২ এএম
দখলদার ইসরায়েলের নিষেধাজ্ঞা সত্ত্বেও পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে প্রায় ৬৫ হাজার মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন।
শুক্রবার (৫ জুন) স্থানীয় সময় ভোর থেকেই হাজার হাজার ফিলিস্তিনি পবিত্র এই স্থানে পৌঁছাতে শুরু করেন। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।
ধীরে ধীরে মসজিদের প্রাঙ্গণ ও আঙিনা পূর্ণ হয়ে যায় মুসল্লিদের উপস্থিতিতে। কঠোর নিরাপত্তা ও বাধা অতিক্রম করেও অনেকে সেখানে পৌঁছান।
গত তিন বছর ধরে, পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে প্রবেশে কড়াকড়ি আরোপ করে আসছে ইসরায়েল। ফলে অনেকেই সরাসরি মসজিদে প্রবেশ করতে পারেন না।
এর ফলে মুসলিমদের অন্যতম পবিত্র এই স্থানে প্রবেশাধিকার নিয়ে নতুন করে নিয়ন্ত্রণের অভিযোগও উঠছে।
এদিকে, আয়ারল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন ইসরায়েলের উগ্রবাদী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।
ফিলিস্তিনিদের বিরুদ্ধে উসকানিমূলক অবস্থান এবং তাদের নিজ ভূমি থেকে সরিয়ে দেওয়ার নীতির প্রতি সমর্থনের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে ডাবলিন।
শুক্রবার (৫ জুন) দেশটির প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন জানান, দুই কট্টর ডানপন্থীমন্ত্রী এমন অবস্থান নিয়েছেন, যা ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে নির্মূল করার আকাঙ্ক্ষার ইঙ্গিত দেয়।
আয়ারল্যান্ডের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, বেন-গভির ও স্মোট্রিচ দেশটিতে প্রবেশের চেষ্টা করলে তাদের প্রবেশাধিকার না দিতে অভিবাসন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
গাজামুখী মানবিক সহায়তা বহরে অংশ নেওয়া ফিলিস্তিনপন্থী কর্মীদের সঙ্গে আচরণের বিষয়টিও উল্লেখ করেন মার্টিন। সম্প্রতি আটক কর্মীদের নিয়ে বেন-গভিরের একটি ভিডিও ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
২০২২ সালে, ইসরায়েলের সরকারে যোগ দেওয়া বেন-গভির ও স্মোট্রিচ দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্তিকরণ এবং গাজা ও পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পক্ষে অবস্থান নিয়ে আসছেন।
-এমএমএস