আন্তর্জাতিক ডেস্ক
০৩ জুন ২০২৬, ০৯:১২ পিএম
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ভয়াবহ ড্রোন হামলায় একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটিতে অবস্থিত ভারতীয় দূতাবাস।
বুধবার কুয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে আরও জানায়, নিহত ভারতীয়র শোকসন্তপ্ত পরিবার এবং হামলায় আহতদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের জন্য কুয়েতি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার নিন্দা জানিয়েছে এবং নিহত ও আহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।
এদিকে কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুয়েত নিউজ এজেন্সি (কুনা) জানিয়েছে, বুধবার স্থানীয় সময় বেলা সাড়ে ৯টায় কুয়েতের আন্তর্জাতিক বিমাবন্দরের এক নম্বর টার্মিনালে আঘাত হানে একাধিক ইরানি ড্রোন। বিস্ফোরকবাহী এসব সামরিক ড্রোনের আঘাতে বিমানবন্দরের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কুয়েতের ওপর এই হামলার দায় স্বীকার করে বলেছে, একটি ইরানি তেল ট্যাঙ্কার ও কেশম দ্বীপে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই হামলায় আরও অন্তত ৬৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। তাদের জরুরি অস্ত্রোপচার করতে হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল্লাহ আল-সানাদ বলেন, ‘৬৩ জন আহত ব্যক্তিকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে, এদের মধ্যে গুরুতর আহতরাও রয়েছেন। তাদের বেশির ভাগের মাথার আঘাত, মস্তিষ্কে রক্তক্ষরণ, অঙ্গহানি এবং বিস্ফোরণের ফলে সৃষ্ট আঘাত রয়েছে। তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতালে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে’।
এদিকে এই ঘটনার পর কূটনৈতিক ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে কুয়েত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের কূটনৈতিক মিশনের দুই সদস্যকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করেছে। ওই দুই কূটনীতিককে ২৪ ঘণ্টার মধ্যে কুয়েত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: আলজাজিরা, এনডিটিভি
এমএইচআর