আন্তর্জাতিক ডেস্ক
০২ জুন ২০২৬, ০৮:১২ পিএম
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের বর্তমান শাসনব্যবস্থার কাঠামোতে ইতিমধ্যে ফাটল ধরেছে এবং এটি যেকোনো সময় ভেঙে পড়বে।
সোমবার ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে নেতানিয়াহু এই মন্তব্য করেন।
দখলদার প্রধানমন্ত্রী বলেন, ‘ইরান ইতোমধ্যে যে মূল্য দিয়েছে তা অত্যন্ত চড়া... ইরানে এই সন্ত্রাসী শাসনের ভিত্তি নড়বড়ে হয়ে গেছে। এটি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না এবং আমি আপনাদের আশ্বস্ত করছি– শেষ পর্যন্ত তাদের পতন অনিবার্য।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে গতকাল বৈরুতে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে পরিকল্পিত হামলা থেকে সরে আসার পর তিনি সতর্ক করে বলেন, ‘যারা ইসরায়েলের বিরুদ্ধে কোনো অশুভ ষড়যন্ত্র করবে, তারা জেনে রাখুক যে তাদের পরিকল্পনা ব্যর্থ হবে। এর জন্য তাদের সত্যিই অনেক বড় মূল্য দিতে হবে।’
এসময় মোসাদের বিদায়ী প্রধান বার্নিয়াকে উদ্দেশ্য করে নেতানিয়াহু বলেন, ‘আপনার সময়ে অসাধারণ অনেক কিছু হয়েছে। আপনি যে পাঁচ বছর মোসাদের প্রধান ছিলেন এটি আমাদের ইতিহাসে অন্যতম ভালো সময় ছিল। মোসাদে আপনি দীর্ঘ ৩০ বছর যে সেবা দিয়েছেন তার জন্য ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ গত কয়েক বছরের জন্য। যে সময় ইসরায়েলের নিরাপত্তার ক্ষেত্রে অনেক সফলতা অর্জিত হয়েছে।’
অন্যদিকে বিদায়ী ভাষণে মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া বলেছেন, “সাম্প্রতিক যুদ্ধের পর ইরানের শাসন ব্যবস্থা সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে এবং ইসরায়েলের উচিত ‘কাজটি সম্পন্ন করা’। আমি বিশ্বাস করতাম এবং এখনও করি যে, এই শাসনব্যবস্থা উৎখাতের মাধ্যমে ইরানের বাস্তবতায় পরিবর্তন আনা একটি সম্ভব ও অর্জনযোগ্য লক্ষ্য।”
তিনি আরও বলেন, ‘ইরানের শাসনব্যবস্থা উৎখাত করার ব্যাপারে ইসরায়েলের প্রতিশ্রুতিবদ্ধ থাকা উচিত। এই অভিযানটি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে থাকতে হবে।’
এদিকে নেতানিয়াহুর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল রোমান গোফম্যান মোসাদের নতুন প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে আজ।
সূত্র: ইরান ইন্টান্যাশনাল, টাইমস অব ইসরায়েল
এমএইচআর