আন্তর্জাতিক ডেস্ক
০১ জুন ২০২৬, ০৭:২৩ পিএম
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হওয়ায় বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। এতে কেন্দ্রীয় ব্যাংকগুলো দীর্ঘ সময়ের জন্য সুদের হার বাড়াতে পারে— এমন প্রত্যাশায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার দুপুর ১২ টা ৪০ মিনিটে ( জিএমটি) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০ দশমিক ৭ শতাংশ কমে ৪ হাজার ৫০২ দশমিক ৮৯ ডলারে দাঁড়িয়েছে। যদিও গত শুক্রবার দুই সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাছিল মূলবান এই ধাতুর দাম।
অন্যদিকে আগস্ট মাসে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৫৩৩ দশমিক ২০ ডলারে লেনদেন হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, সোমবার তেলের দাম বেড়েছে, কারণ যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাতের জেরে মূল্যস্ফীতির আশঙ্কা আরও বেড়েছে। আর ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপ কমাতে কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সুদের হার বাড়াতে বাধ্য করতে পারে।
আমেরিকান গোল্ড এক্সচেঞ্জের বাজার বিশ্লেষক জিম উইকফ বলেছেন, ‘দীর্ঘদিন ধরে সুদের হার বেশি থাকার প্রত্যাশা স্বর্ণের ওপর চাপ সৃষ্টি করতে পারে, যদি না বন্ডের ইল্ড বৃদ্ধি বন্ধ হয় এবং সুদের হার স্থিতিশীল হতে শুরু করে।’
এছাড়াও বিনিয়োগকারীরা এই সপ্তাহে প্রকাশিতব্য মার্কিন কর্মসংস্থান সংক্রান্ত একাধিক তথ্যের পাশাপাশি ফেডারেল রিজার্ভ কর্মকর্তাদের মন্তব্যের দিকে নজর রাখছেন। কারণ সুদের হার কমলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা বাড়ে।
এদিকে স্বর্ণের দাম কমলেও বেড়েছে রুপার দাম। সোমবার ০ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স স্পট সিলভার ৭৫ দশমিক ৬১ ডলারে বিক্রি হচ্ছে।
সূত্র: রয়টার্স
এমএইচআর