আন্তর্জাতিক ডেস্ক
০১ জুন ২০২৬, ০৬:৩৪ পিএম
ইরানেন দক্ষিণাঞ্চলে নতুন করে মার্কিন হামলার পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে আবারও হামলা চালিয়েছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
সোমবার ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ‘আজ ভোরে দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের অন্তর্গত সিরিক দ্বীপের গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ টাওয়ারে মার্কিন বাহিনীর আগ্রাসী হামলার এক ঘণ্টার মধ্যে জবাব দিয়েছে আইআরজিসি। ’
বিবৃতিতে আইআরজিসি আরও বলেছে, ‘যে মার্কিন ঘাঁটি থেকে সিরিক দ্বীপে হামলা চালানো হয়েছিল, সেটিকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তু করে গুঁড়িয়ে দিয়েছে তাদের অ্যারোস্পেস ফোর্স।’
তবে কোন দেশে বা কোন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে, তা উল্লেখ করেনি আইআরজিসি।
এদিকে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সোমবার ভোরের দিকে ইরান থেকে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
কুয়েতি সেনাবাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে স্পষ্ট করা হয়, কুয়েতের আকাশে যেসব বিস্ফোরণের শব্দ শোনা গেছে, সেগুলো মূলত ড্রোন-ক্ষেপণাস্ত্র ধ্বংসের শব্দ, কোনো সফল আঘাতের নয়। নাগরিকদের আতঙ্কিত না হয়ে সরকারি নিরাপত্তা নির্দেশাবলী মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এছাড়াও কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং দেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে।
অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, কুয়েতে মার্কিন ঘাঁটি বাহিনীকে লক্ষ্য করে ছোড়া দুটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে মার্কিন বাহিনী। এতে কোনো মার্কিন সেনা আহত হননি।
এরআগে চলমান যুদ্ধবিরতির মধ্যেই গত সপ্তাহে দক্ষিণ ইরানে মার্কিন বিমান হামলার তীব্র প্রতিক্রিয়া হিসেবে কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে ৪ জন মার্কিন সেনাসদস্য এবং ৩ জন বেসামরিক ঠিকাদারসহ মোট ৭ জন আহত হয়েছেন। সেই হামলার ৩ দিনের মাথায় ফের আক্রমণ হলো কুয়েতের মার্কিন বিমানঘাঁটিতে।
সূত্র: আলজাজিরা, আনাদোলু
এমএইচআর