আন্তর্জাতিক ডেস্ক
২৮ মে ২০২৬, ১২:৪৮ পিএম
তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এবার দেশটির কৌশলগত বন্দরনগরী বন্দর আব্বাসের একটি সামরিক স্থাপনায় হামলার কথা জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। একই সঙ্গে হরমুজ প্রণালির কাছে চারটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে তারা।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালির আশপাশে ‘হুমকি তৈরি করেছিল’ এমন চারটি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন’ ভূপাতিত করা হয়েছে। একই সময়ে বন্দর আব্বাসে একটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়, যেখান থেকে আরেকটি ড্রোন উৎক্ষেপণের প্রস্তুতি চলছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইরানি গণমাধ্যম জানিয়েছে, শহরের পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। প্রায় তিন মাস ধরে চলা সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে।
তিন দিনের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, হামলাগুলো ‘আত্মরক্ষার অংশ’ হিসেবে পরিচালিত হয়েছে। তবে নতুন করে সংঘাত বাড়ায় যুদ্ধবিরতি টিকবে কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
সেন্টকম তাদের এ পদক্ষেপকে ‘পরিমিত’ ও ‘সম্পূর্ণ প্রতিরক্ষামূলক’ বলে বর্ণনা করেছে। সংস্থাটির ভাষ্য, হামলার উদ্দেশ্য ছিল যুদ্ধবিরতি বজায় রাখা।
এর আগে গত সোমবার দক্ষিণ ইরানে হামলা করে যুক্তরাষ্ট্র। ওই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও হরমুজ প্রণালিতে মাইন পেতে চাওয়া নৌযানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে দাবি করে যুক্তরাষ্ট্র। সংঘাতের কারণে ওই প্রণালিতে হাজারো বাণিজ্যিক জাহাজ আটকা পড়ে আছে।
ইরান অবশ্য যুক্তরাষ্ট্রের হামলাকে ‘যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছে। তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, শত্রুতামূলক কোনো কর্মকাণ্ডের জবাব না দিয়ে তারা বসে থাকবে না।
এমআর