আন্তর্জাতিক ডেস্ক
২৬ মে ২০২৬, ০৮:৪৯ পিএম
পর্যটন খাতকে আরও গতিশীল করতে ভারত-পাকিস্তানসহ ৪০ দেশের নাগরিকদের জন্য ফ্রি ট্যুরিস্ট ভিসা চালু করেছে শ্রীলঙ্কা। এতে এসব দেশের পর্যটকরা নির্দিষ্ট শর্তে বিনামূল্যে ভিসা নিয়ে শ্রীলঙ্কায় ভ্রমণের সুযোগ পাবেন। গতকাল সোমবার (২৫ মে) থেকে এই সুবিধা কার্যকর হয়েছে।
দেশটির ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) ব্যবস্থার আওতায় পর্যটকদের অন-অ্যারাইভাল ফ্রি ভিসা দেওয়া হবে। তবে শ্রীলঙ্কায় ভ্রমণের আগে অনলাইনে ইটিএ অনুমোদন নিতে হবে।
শ্রীলঙ্কার সরকারি ইটিএ ওয়েবসাইট অনুযায়ী, কূটনৈতিক, অফিসিয়াল, সার্ভিস বা সাধারণ পাসপোর্টধারী নাগরিকরা এই সুবিধার আওতায় পড়বেন। তবে শ্রীলঙ্কায় পৌঁছানোর আগে এসব দেশের নাগরিকদের ইটিএ অনুমোদন নিতে হবে।
৪০ দেশের নাগরিকদের জন্য এই বিনামূল্যের ভিসার মেয়াদ হবে ৩০ দিন। নতুন ব্যবস্থার আওতায়, শ্রীলঙ্কায় প্রথম প্রবেশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে পর্যটকরা দুইবার প্রবেশের সুযোগ পাবেন। তবে কেউ যদি ৩০ দিনের বেশি থাকতে চান, তাহলে তাকে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে। সেক্ষেত্রে নির্ধারিত ভিসা ফি পরিশোধ করতে হবে।
ফ্রি ভিসা সুবিধা পাওয়া দেশগুলোর মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, নেপাল, চীন, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইরান, ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, তুরস্ক, কাতার, কুয়েত, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বাহরাইন, বেলারুশ, বেলজিয়াম, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, জাপান, কাজাখস্তান, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, রাশিয়া, স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ড।
এছাড়া মালদ্বীপ, সিসিলিস ও সিঙ্গাপুরের নাগরিকদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। এসব দেশের সঙ্গে শ্রীলঙ্কার দ্বিপক্ষীয় পারস্পরিক চুক্তি রয়েছে। তবে বিশেষভাবে মালদ্বীপের নাগরিকরা পারস্পরিক চুক্তির আওতায় ইটিএ ব্যবস্থার মাধ্যমে ৯০ দিনের ট্যুরিস্ট ভিসা পাবেন।
সূত্র: খালিজ টাইমস
এমএইআর