images

আন্তর্জাতিক

৮ দিনে তৃতীয়বার জ্বালানি তেলের দাম বাড়াল ভারত 

আন্তর্জাতিক ডেস্ক

২৩ মে ২০২৬, ০৪:০০ পিএম

ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের জেরে গত আট দিনে তৃতীয়বারের মতো পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি সংস্থাগুলো। এছাড়াও বাড়ানো হয়েছে সিএনজির দামও।

নতুন দাম অনুযায়ী, শনিবার সকাল থেকে ভারতের রাজধানী পেট্রোলের দাম লিটারে ৮৭ পয়সা বেড়ে দাম হয়েছে ৯৯ রুপি ৫১ পয়সা এবং ডিজেলের দাম ৯১ পয়সা বাড়িয়ে ৯২ রুপি ৪৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। দিল্লি ও সংলগ্ন এলাকাগুলোতে প্রতি লিটার সিএনজিতে ১ রুপি বেড়ে ৮১ দশমিক ৯ রুপিতে বিক্রি হচ্ছে।

দেশের অন্যান্য স্থানেও আনুপাতিক হারে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো। এরমধ্যে পশ্চিমবঙ্গে পেট্রোলের দাম ৯৪ পয়সা এবং ডিজেলের দাম ৯৫ বয়সা বৃদ্ধি পাওয়ায় রাজধানী কলকাতাসহ রাজ্যজুড়ে প্রতি লিটার পেট্রোল ১১০ দশমিক ৬৪ রুপি এবং প্রতি লিটার ডিজেল ৯৭ দশমিক ০২ রুপিতে বিক্রি হচ্ছে। আর মুম্বাইয়ে পেট্রোলের দাম ৯০ পয়সা বাড়িয়ে প্রতি লিটার ১০৮ দশমিক ৪৯ রুপি এবং ডিজেলের দাম ৯৪ পয়সা বেড়ে প্রতি লিটার ৯৫ দশমিক ০২ রুপিতে বিক্রি হচ্ছে।

এরআগে চার বছরেরও বেশি সময় পর ১৫ মে প্রথমবার তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় ভারত। চার দিন পর গত মঙ্গলবার তেলের দাম আবারো সমন্বয় করে সরকার। শনিবারের এই মূল্যবৃদ্ধির ফলে গত ১৫ মের পর থেকে দিল্লিতে পেট্রলের দাম এবং ডিজেলের দাম লিটারপ্রতি প্রায় ৫ রুপি বেড়েছে।  

গত সোমবার ভারতের পেট্রোলিয়াম মন্ত্রণালয় জানিয়েছিল, ১৫ মে পেট্রল ও ডিজেলের দাম লিটারপ্রতি ৩ রুপি বাড়ানোয় ওএমসিগুলো কিছুটা স্বস্তি পেয়েছে। এর ফলে পেট্রল-ডিজেল এবং এলপিজি বিক্রি করে তাদের দৈনিক সম্মিলিত লোকসান এক-চতুর্থাংশ (প্রায় ২৫০ কোটি রুপি) কমে দাঁড়িয়েছে প্রায় ৭৫০ কোটি রুপিতে। 

চলতি সপ্তাহের এই দুটি মূল্যবৃদ্ধি তাদের আরও কিছুটা স্বস্তি দেবে বলে ধারণা করা হচ্ছে। তবে তেলের দাম বাড়ানোর পরও লোকসানেই জ্বালানি বিক্রি করে যাচ্ছে তারা। 

চলতি সপ্তাহের শুরুতে ভারত পেট্রোলিয়ামের (বিপিসিএল) চেয়ারম্যান জানান, দাম বাড়া সত্ত্বেও বিপিসিএল ডিজেলে প্রতি লিটারে ২৫ থেকে ৩০ রুপি এবং পেট্রোলে প্রতি লিটারে ১০ থেকে ১৪ রুপি রাজস্ব লোকসান অব্যাহত রেখেছে।

তবে ভারতের তেল মন্ত্রণালয় জানিয়েছে, তেল শোধনাগারগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই।

সূত্র: রয়টার্স, এনডিটিভি

এমএইআর