আন্তর্জাতিক ডেস্ক
২৩ মে ২০২৬, ০১:৫০ পিএম
বাংলাদেশের নারায়ণগঞ্জের একটি অ্যালবিনো মহিষকে ঘিরে এবার আন্তর্জাতিক অঙ্গনেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারাগত মিল থাকায় মজার ছলে মহিষটির নাম রাখা হয় ‘ডনাল্ড ট্রাম্প’। দেশের পাশাপাশি বিদেশি সংবাদমাধ্যমেও বিষয়টি নিয়ে প্রকাশিত হয়েছে নানা প্রতিবেদন। এবার সেই আলোচনায় যোগ দিয়েছে ইরানও।
রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস তাদের আনুষ্ঠানিক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে মহিষটির একটি ভিডিও প্রকাশ করে রসিকতা করেছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় বাংলাদেশি মহিষটির মন খারাপ হয়ে গেছে।’
ইরানি দূতাবাস তাদের পোস্টে রুশ সংবাদমাধ্যম আরটির একটি প্রতিবেদনও যুক্ত করে। সেখানে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে তুলনার পর মহিষটিকে দেখতে উৎসুক মানুষের ভিড় এত বেড়েছে যে, সেটি আগের তুলনায় অনেক কম খাওয়া-দাওয়া করছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, প্রায় ১ হাজার ৫০০ পাউন্ড বা প্রায় ৬৮০ কেজি ওজনের এই মহিষটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমের এক অদ্ভুত তারকায় পরিণত হয়েছে। ভাইরাল হওয়া এই মহিষটিকে দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিও মহিষটির ছবি প্রকাশ করেছে।

মহিষটির মালিক ৩৮ বছর বয়সী জিয়া উদ্দিন মৃধা জানান, ঢাকার অদূরে নারায়ণগঞ্জে তার খামারে থাকা এই মহিষটির মাথার বিশেষ ধরনের চুলের স্টাইল দেখেই তার ছোট ভাই ‘ডোনাল্ড ট্রাম্প’ নামটি রাখেন।
তিনি বলেন, মে মাসজুড়ে তার খামারে কৌতূহলী মানুষের ভিড় লেগেই আছে। আশপাশের মানুষ, শিশু-কিশোর এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অনুসারীরা ভাইরাল হওয়া মহিষটিকে একনজর দেখতে ছুটে আসছেন।
বাংলাদেশে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির প্রস্তুতিও চলছে। চার বছর বয়সী এই মহিষটিকেও কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে।
এক বছর ধরে মহিষটিকে লালন-পালন করা জিয়া উদ্দিন মৃধা বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পকে আমি অবশ্যই মিস করব। তবে ঈদুল আজহার মূল শিক্ষাই হচ্ছে ত্যাগ স্বীকার করা।’
/এএস