আন্তর্জাতিক ডেস্ক
২১ মে ২০২৬, ০৯:২৬ পিএম
ভারতের রাজনীতিতে ডানা মেলে উড়ে এসে জুড়ে বসেছে এক ‘তেলাপোকা’। দেশটিতে এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে- বিচারব্যবস্থা, মূল্যস্ফীতি ও বেকারত্বের মতো গুরুতর সমস্যা নিয়ে ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। মাত্র পাঁচ দিন আগে পথ চলা শুরু করা এই ‘ককরোচ জনতা পার্টি’ এক্স ও ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যায় পেছনে ফেলে দিয়েছে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি)। বৃহস্পতিবার দুপুরের মধ্যেই এক্সে সিজেপির ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ২২ লাখ। কিন্তু এরপরই তাদের এক্স অ্যাকাউন্ট ব্লক করে দেয় ভারত সরকার।
সম্প্রতি ভারতের প্রধান বিচারপতি সুর্যকান্ত আদালতে মন্তব্য করেছিলেন, কিছু বেকার যুবক এবং অনলাইন অ্যাকটিভিস্টরা নাকি ‘ককরোচ’ বা তেলাপোকা ও ‘পরজীবী’- তার এই বক্তব্যেই ক্ষুব্ধ করে তোলে ভারতের জেন-জি বা তরুণ প্রজন্মকে। সেখান থেকেই ‘Cockroach Janta Party’ নামে একটি গ্রুপ খোলেন যুক্তরাষ্ট্রের বোস্টনে বসবাসকারী ভারতীয় নাগরিক ৩০ বছর বয়সী প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।
এরপর থেকেই সোশ্যাল মিডিয়ার সব প্ল্যাটফর্মে ককরোচ জনতা পার্টির উত্থান হয়েছে ঝড়ের মতো। কয়েকদিন আগেও যেখানে এটি ছিল নিছক একটি অনলাইন স্যাটায়ার আন্দোলন, সেখানে এখন এটি পরিণত হয়েছে জনরোষ, বেকারত্ব, পরীক্ষার প্রশ্নফাঁস, রাজনৈতিক ভাষ্য আর প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা নিয়ে যুবসমাজের সমালোচনার শক্তিশালী ডিজিটাল প্ল্যাটফর্মে।
তবে শেষ পর্যন্ত তাদের এক্স অ্যাকাউন্ট ব্লক করে দেয় ভারত সরকার। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে একটি স্ক্রিনশট শেয়ার করে জানান, দলের এক্স অ্যাকাউন্ট ভারত থেকে দেখা যাচ্ছে না।
এক এক্স পোস্টে তিনি বলে ‘প্রত্যাশিতই ছিল, সিজেপি-র অ্যাকাউন্ট ভারতে ব্লক করা হয়েছে।’
তবে ঘটনার কয়েক ঘণ্টা আগে আরেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে বড়সড় চমক দেয় সিজেপি। ইনস্টাগ্রামে প্রায় ১ কোটি ৫০ লাখ ফলোয়ারের বিশাল মাইলফলক স্পর্শ করে করে দলটি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপিকে টপকে যায়। বর্তমানে বিজেপির ফলোয়ার প্রায় ৮.৭ মিলিয়ন।
সমালোচকরা সিজেপিকে কেবলই ‘সোশ্যাল মিডিয়া গিমিক’ বা সস্তা রসিকতা বলে উড়িয়ে দিলেও, এর অনলাইন বেড়েই চলছে। ভারতের একাধিক রাজ্যে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সিজেপির রাজ্য স্তরের শাখা ইউনিট গজিয়ে উঠেছে। এছাড়াও তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদের মতো দেশটির বিরোধী দলীয় অনেক নেতাসহ অনেক জনপ্রিয় তারকারাও সিজেপিতে যোগ দিয়েছেন!
বিশ্লেষকরা বলছেন, আপাতত এই ‘ককরোচ জনতা পার্টির’ এই দাপট সম্পূর্ণভাবেই ভার্চুয়াল দুনিয়ায় বা সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ। তবে এটি আগামী দিনে সত্যি কোনও রাজনৈতিক দলে রূপান্তরিত হবে কি না, তা সময়ই বলবে।
সূত্র: এনডিটিভি
এমএইচআর