images

আন্তর্জাতিক

ফের ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

২১ মে ২০২৬, ০৫:৩৭ পিএম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করতে ফের তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইএসএনএ জানিয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনা ও পরামর্শে পাকিস্তানের মধ্যস্থতার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দেশটির সেনা প্রধানের তেহরানে পৌঁছানো কথা রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনও তথ্য না জানায়নি বার্তা সংস্থাটি।   

এদিকে বর্তমানে তেহরানেই অবস্থান করছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে অচলাবস্থা ভাঙতে ও দুই পক্ষকে ফের আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি তার দ্বিতীয় তেহরান সফর। 

কূটনৈতিক সূত্র জানিয়েছে, পাকিস্তান তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রেখেছে, কিন্তু ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা শিথিলকরণ, হরমুজ প্রণালী এবং তেহরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও সহযোগী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্ত বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ নিয়ে মতপার্থক্য অগ্রগতিতে বাধা সৃষ্টি করে চলেছে। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যার ফলে কূনৈটিক প্রচেষ্টা আরও জোরদার করছে ইসলালামাবাদ। 

এবারের সফরে ইতোমধ্যেই প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও আইআরজিসির প্রধান জেনারেল ভাহিদি ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ শীর্ষ ইরানি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন নাকভি। এসব বৈঠকে মূলত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার সংকীর্ণ সুযোগটি টিকিয়ে রাখার পাকিস্তানের প্রচেষ্টার ওপরই জোর দিয়েছেন তিনি। পাক সেনাপ্রধানও সেই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে আশা করা হচ্ছে। 

এরআগে গত ১৮ এপ্রিল মাসে তেহরান সফর করেছিলেন ফিল্ড মার্শাল আসিম মুনির।

এদিকে বুধবার রাতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, তেহরানের প্রাথমিক ১৪-দফা প্রস্তাবের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন প্রস্তাব পেয়েছে ইরান এবং বর্তমানে তা পর্যালোচনা করছে।

প্রসঙ্গত, গত ৮ এপ্রিল এক যুদ্ধবিরতির মাধ্যমে কয়েক সপ্তাহ ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যুদ্ধ থামলেও স্থায়ী শান্তি চুক্তির আলোচনা প্রচেষ্টা এখন পর্যন্ত সফল হয়নি। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, যুদ্ধ অবসানের আলোচনা বর্তমানে চুক্তি অথবা নতুন করে হামলার মাঝামাঝি এক ‘সন্ধিক্ষণে’ রয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল, ডন 


এমএইচআর