images

আন্তর্জাতিক

রানওয়েতে বিশাল গর্ত, স্থবির নিউইয়র্ক বিমানবন্দর 

আন্তর্জাতিক ডেস্ক

২১ মে ২০২৬, ০৪:৩৩ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরের একটি প্রধান রানওয়ের কাছে একটি সিঙ্কহোল বা গর্ত আবিষ্কৃত হওয়ায় নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে রানওয়েটি বন্ধ করে দেওয়া হয়েছে। এতে শত শত ফ্লাইট বাতিল ও বিলম্বিত করেছে কর্তৃপক্ষ। 

পোর্ট অথরিটি অব নিউইয়র্ক অ্যান্ড নিউ জার্সি জানিয়েছে, বুধবার সকাল ১১টার দিকে এয়ারফিল্ডের একটি নিয়মিত পরিদর্শনের সময় ক্রু সদস্যরা সিঙ্কহোলটি দেখতে পান। ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং মেরামদের কাজ শুরু করেছেন জরুরি নির্মাণ ও প্রকৌশল কর্মীরা। দ্রুততম সময়ের মধ্যে রানওয়েটি পুনরায় সচল করার চেষ্টা চলছে। তবে মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত রানওয়ে ‘৪/২২’ দিয়ে কোনো বিমান ওঠানামা করবে না।

কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, সিঙ্কহোলটি সৃষ্টির সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে কাছাকাছি চলমান একটি ফুয়েল লাইন টানেলিং (জ্বালানি লাইনের সুড়ঙ্গ) প্রকল্পের কাজের কারণে মাটি ধসে এটি তৈরি হয়ে থাকতে পারে।

লাগার্ডিয়া বিমানবন্দরে মাত্র দুটি রানওয়ে রয়েছে। একটি রানওয়ে পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় অন্য রানওয়ে ‘১৩/৩১’-এর ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। ইতোমধ্যেই ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরে অবতরণের অপেক্ষায় থাকা ফ্লাইটের গতি কমিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত লাগার্ডিয়া থেকে প্রায় ২০০টিরও বেশি ফ্লাইট বাতিল এবং বিপুল সংখ্যক ফ্লাইট বিলম্বিত হয়। 

অন্যদিকে একই সময়ে ওই অঞ্চলে বজ্রঝড়ের পূর্বাভাস থাকায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে এবং যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়ার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে আজ রাতের দিকে ওই এলাকায় বজ্রসহ বৃষ্টির জেরে আরও অনেক ফ্লাইট বিলম্ব বা বাতিল হতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ তথ্য জানার জন্য পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সূত্র: নিউইয়র্ক পোষ্ট 

এমএইচআর