আন্তর্জাতিক ডেস্ক
২১ মে ২০২৬, ০৩:৫৫ পিএম
গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ ফ্লোটিলার কর্মীদের সঙ্গে ইসরাইলি কর্তৃপক্ষের আচরণের নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ। আটক ফ্লোটিলা কর্মীদের দ্রুত মুক্তি ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আচরণের দাবি জানিয়েছে তুরস্ক।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, আজ (২১ মে) আমরা বিশেষ চার্টার ফ্লাইটের মাধ্যমে আমাদের নাগরিক এবং অন্য দেশের অংশগ্রহণকারীদের তুরস্কে নিয়ে আসার পরিকল্পনা করছি। খবর আনাদোলুর।
তবে কতজন আন্দোলনকর্মীকে বিমানে করে তুরস্কে পাঠানো হবে তা জানানো হয়নি। তুর্কি গণমাধ্যম জানিয়েছে, আটককৃতদের মধ্যে ৭৮ জন তুর্কি নাগরিক রয়েছেন।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গ্লোবাল সুমুদ ফ্লিটের বিরুদ্ধে বেআইনি হস্তক্ষেপের পর আটক হওয়া আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের তুরস্কে নিরাপদ প্রত্যাবর্তন সহজতর করতে তুরস্ক কাজ করছে।
এর আগে, স্পেন জানিয়েছিল যে বৃহস্পতিবার দিনের শেষে ৪৪ জন স্প্যানিশ আন্দোলনকর্মীকে তুরস্ক হয়ে ইসরায়েল থেকে ফেরত পাঠানো হবে।
আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনীর হাতে আটক গাজাগামী একটি ফ্লোটিলা জাহাজকে গত ১৯ মে দক্ষিণ ইসরায়েলের আশদোদের দিকে নিয়ে যাওয়া হয়।
এর পর ইসরাইলের কট্টরপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতেমার বেন গভির সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন।
সেখানে দেখা যায়, গাজা-পন্থি কর্মীদের হাত বেঁধে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে এবং তিনি তাদের নিয়ে বিদ্রূপ করছেন। আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরাইলি বাহিনী তাদের আটক করে।
এক মিনিটের ওই ভিডিও প্রকাশের পর দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েন উগ্রপন্থি বেন-গভির।
মানবিক সহায়তাবাহী ‘গ্লোবাল সুমুদ’ ফ্লোটিলা জানিয়েছে, তাদের বহরের সব ৫০টি জাহাজই ইসরায়েললের জব্দ করেছে। ৪৪টি দেশের ৪২৮ জন আরোহী নিয়ে বহরটি গত বৃহস্পতিবার তুরস্কের মারমারিস জেলা থেকে যাত্রা শুরু করে।
২০০৭ সাল থেকে গাজা উপত্যকায় আরোপিত ইসরায়েলের অবরোধ ভাঙার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল।
-এমএমএস