images

আন্তর্জাতিক

ফুটপাতে গাড়ি তুলে পথচারীদের চাপা, পরে ছুরি নিয়ে তাণ্ডব

আন্তর্জাতিক ডেস্ক

১৭ মে ২০২৬, ০৭:৫৭ এএম

ইতালির উত্তরাঞ্চলীয় শহর মোদেনায় পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়ে আটজনকে চাপা দিয়েছেন এক যুবক। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। গুরুতর আহতদের একজন নারী, যিনি দুই পা হারিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খবর বিবিসির।

স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে চারটার দিকে শহরের ঐতিহাসিক ক্যাথেড্রালসংলগ্ন ভিয়া এমিলিয়া সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দ্রুতগতির একটি গাড়ি হঠাৎ ফুটপাতে উঠে পথচারীদের ধাক্কা চাপা দেয়। পরে সেটি একটি দোকানের কাঁচের দেয়ালে আঘাত করে থেমে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি খুবই দ্রুতগতিতে চলছিল, অন্তত ঘণ্টায় ১০০ কিলোমিটার। ঘটনাস্থলে উপস্থিত লোকজন আহতদের ছিটকে পড়তে দেখেন।

গাড়ি থামার পর চালক একটি ছুরি নিয়ে গাড়ি থেকে বের হন এবং একজন পথচারীর ওপর হামলা চালান। পরে স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করেন।

itali-2মোদেনার মেয়র মাসিমো মেতসেত্তি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক ইচ্ছাকৃতভাবে ফুটপাতে গাড়ি উঠিয়ে একাধিক ব্যক্তিকে ধাক্কা দেন এবং পরে দোকানের কাঁচে আঘাত করেন। এরপর তিনি ছুরি দেখান। আহতদের মধ্যে পাঁচজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন।

স্থানীয় একজন বাসিন্দা লুকা সিগনোরেল্লি জানান, তিনি আহত এক নারীকে সাহায্য করতে গেলে হামলাকারী তার ওপর ছুরি নিয়ে হামলা চালান। এতে তিনি মাথা ও বুকে আঘাত পান। পরে আশপাশের লোকজনের সহায়তায় হামলাকারীকে আটক করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ৩১ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তি ইতালির নাগরিক হলেও মরোক্কান বংশোদ্ভূত। তার জন্ম বেরগামো প্রদেশে এবং বর্তমানে তিনি মোদেনা প্রদেশে বসবাস করতেন।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঘটনাটিকে ‘অত্যন্ত গুরুতর’ বলে অভিহিত করেছেন।

স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, ২০২২ সালে ওই ব্যক্তিকে মানসিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছিল, যেখানে তার স্কিজয়েড ডিসঅর্ডার ধরা পড়ে। পরে তিনি সেখান থেকে নিখোঁজ হয়ে যান।

ইতালির উপপ্রধানমন্ত্রী ও অভিবাসীবিরোধী লীগ দলের নেতা মাতেও সালভিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অভিযুক্তের নাম উল্লেখ করে তাকে ‘দ্বিতীয় প্রজন্মের অপরাধী’ হিসেবে আখ্যা দিয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি অর্থনীতিতে স্নাতক ডিগ্রিধারী এবং বর্তমানে বেকার। তার বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড পাওয়া যায়নি।

এমআর