images

আন্তর্জাতিক

চীনের উপহার ফেলে দিয়েই বিমানে ওঠেন ট্রাম্পের সঙ্গীরা?

আন্তর্জাতিক ডেস্ক

১৬ মে ২০২৬, ১২:০১ পিএম

বেজিং সফর শেষে দেশে ফেরার আগে চীন থেকে পাওয়া উপহারসামগ্রী ফেলে দিয়েছেন মার্কিন প্রতিনিধিদলের সদস্যরা। এমনই দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম মিরর ইউএস। সফরে ব্যবহৃত সাময়িক ‘বার্নার ফোন’ও নষ্ট করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। নিরাপত্তাজনিত আশঙ্কা থেকেই এই পদক্ষেপ বলে দাবি সংশ্লিষ্ট মহলের।

সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে বৈঠকে যোগ দিতে বেজিং গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সফরে ট্রাম্পের সঙ্গে থাকা মার্কিন প্রতিনিধিদের জন্য ছিল কড়া নিরাপত্তাব্যবস্থা। প্রতিবেদনে দাবি, ব্যক্তিগত মোবাইল ফোন, ল্যাপটপ বা অন্য কোনও বৈদ্যুতিন যন্ত্র সঙ্গে নিতে নিষেধ করা হয়েছিল তাদের।

তার বদলে প্রতিনিধিদের হাতে দেওয়া হয়েছিল অস্থায়ী ব্যবহারের জন্য বিশেষ ধরনের ‘বার্নার ফোন’। সাধারণত বিদেশ সফর বা উচ্চঝুঁকির নিরাপত্তা পরিস্থিতিতে এই ধরনের ফোন ব্যবহার করা হয়। তুলনামূলক সস্তা ও সীমিত প্রযুক্তির হওয়ায় এই ফোন হ্যাক হলেও গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা কম থাকে। মার্কিন গোয়েন্দাদের পরামর্শেই চীন সফরে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে দাবি প্রতিবেদনে।

দেশে ফেরার আগে সেই ফোনগুলোও নষ্ট করে দেওয়া হয়। পাশাপাশি, চীনের তরফে দেওয়া বিভিন্ন উপহার— স্মারকচিহ্ন, ব্যাজ-সহ একাধিক সামগ্রী— বেজিংয়েই ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগেই ওই সব জিনিস সরিয়ে ফেলা হয় বলে জানা গিয়েছে।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই নির্দিষ্ট কয়েকটি দেশের ক্ষেত্রে অতিরিক্ত সাইবার সতর্কতার পরামর্শ দিয়ে আসছে। সেই তালিকায় চীন অন্যতম। গোয়েন্দাদের আশঙ্কা, বৈদ্যুতিক যন্ত্রের মাধ্যমে নজরদারি, তথ্যচুরি বা ক্ষতিকর সফ্‌টওয়্যার ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে। এমনকি বন্ধ মোবাইল ফোন থেকেও তথ্য সংগ্রহের ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না বলেই মত নিরাপত্তা বিশেষজ্ঞদের।

এই কারণেই চীন সফরে অংশ নেওয়া মার্কিন প্রতিনিধিরা ব্যক্তিগত কোনও ডিভাইস সঙ্গে নেননি। এমনকি সফরে পাওয়া কোনও সামগ্রীও আমেরিকায় ফিরিয়ে আনেননি বলে দাবি প্রতিবেদনে।

/এএস