আন্তর্জাতিক ডেস্ক
১৬ মে ২০২৬, ১২:৪৯ এএম
পর্তুগালের একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও চারজন বাংলাদেশী গুরুতরভাবে আহত হয়েছেন।
শুক্রবার দেশটির রাজধানী লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার আলগার্ভ অঞ্চলের মেশিলহোইরা গ্রান্ডে এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রাম প্রসাদ সরকার (বয়স ৩৬), বাড়ি টাঙ্গাইল।
বিবৃতিতে আরও বলা হয়, নিহত প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে প্রত্যাবর্তনের বিষয়ে পর্তুগালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে যোগাযোগ করছে দূতাবাস। ইতোমধ্যে দূতাবাসের একজন কর্মকর্তা হাসপাতালে আহতদের দেখার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

এ ঘটনায় গভীর শোক জানিয়ে দূতাবাস বলছে, বাংলাদেশ দূতাবাস নিহতের শোকসন্তপ্ত পরিবার, বন্ধু-বান্ধব, সহকর্মী ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে এবং মরহুমের আত্মার শান্তি কামনা করছে।
একইসাথে প্রবাসী বাংলাদেশীদের সকলকে কর্মক্ষেত্রে এবং চলাচলের ক্ষেত্রে নিজ নিজ নিরাপত্তার প্রতি অধিকতর সজাগ থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে দূতাবাস।
এমএইচআর