images

আন্তর্জাতিক

প্রেমিককে দিয়ে নিজ বাড়িতেই ডাকাতি করালেন তরুণী

আন্তর্জাতিক ডেস্ক

১৫ মে ২০২৬, ০৫:০৬ পিএম

ভারতের উত্তরপ্রদেশে এক পিতল ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরু করতে এই ডাকাতির পরিকল্পনা করছিলেন খোদ বাড়ির মালিকের মেয়ে। এই ঘটনায় ব্যবসায়ী ওই তরুণী ও তার প্রেমিকসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, গত ১১ মে ভোরে উত্তরপ্রদেশে মুরাদাবাদের পিতল ব্যবসায়ী মোহাম্মদ ইমরানের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ভোর ৪টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের বন্দুকের মুখে জিম্মি করে প্রায় ১ কোটি ২০ লাখ রুপি নগদ এবং বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। 

যাওয়ার সময় তারা সিসিটিভি ক্যামেরার ডিভিআর-ও নিয়ে যায়। ঘটনার সময় বাড়িতে ইমরান, তার স্ত্রী সীমা এবং তাদের দুই ছেলে ও দুই মেয়ে উপস্থিত ছিলেন। 

এদিকে ঘটনার পরপরই তদন্তের জন্য চারটি বিশেষ টিম গঠন করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ব্যবসায়ী ইমরানের মেয়ে আরিবা গত সাত-আট বছর ধরে অমরোহার বাসিন্দা আরশাদ ওয়ারসির সঙ্গে প্রেমের সম্পর্কে লিপ্ত ছিলেন। তবে ভিন্ন জাতের হওয়ায় পরিবার এই সম্পর্ক মেনে নেবে না—এমন আশঙ্কা থেকেই তারা বাড়ি থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে পালানোর পরিকল্পনা করেন।

পুলিশের দাবি, পরিকল্পনা অনুযায়ী, আরিবা তার বাড়িতে কত টাকা এবং কোথায় রাখা আছে সেই তথ্য তিনি আরশাদকে জানান। এছাড়াও ডাকাতির এক মাস আগেই প্রেমিকের হাতে বাড়ির প্রধান ফটকের চাবি তুলে দিয়েছিলেন। এমনকি ঘটনার রাতে ভেতর থেকে ডিজিটাল লক খুলে খুলে দেন আরিবা, যাতে ডাকাতরা সহজেই ঘরে প্রবেশ করতে পারে।

এই মামলায় পুলিশ এখন পর্যন্ত আরিবা, আরশাদ ওয়ারসি এবং আরও তিন সহযোগীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে নগদ ৪৭ লাখ ২৪ হাজার রুপি, চারটি দেশি পিস্তল, পাঁচটি মোবাইল ফোন এবং দুটি গাড়ি উদ্ধার করা হয়েছে। 

পুলিশ জানায়, গ্রেফতারকৃত পাঁচজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি টাকা উদ্ধার এবং এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

সূত্র: ইন্ডিয়া টুডে

এমএইচআর