images

আন্তর্জাতিক

‘ফাতাহ-৪’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

১৪ মে ২০২৬, ১০:৫১ পিএম

পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ‘ফাতাহ-৪’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে দেশটির সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড। 

বৃহস্পতিবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, ৭৫০ কিলোমিটার পাল্লার ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য এই ক্ষেপণাস্ত্র অত্যাধুনিক অ্যাভিওনিক্স ও নেভিগেশন প্রযুক্তি দিয়ে সজ্জিত। এটি অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে সক্ষম। 

এতে আরও বলা হয়েছে, এই প্রশিক্ষণমূলক উৎক্ষেপণের মূল লক্ষ্য ছিল সেনাসদস্যদের দক্ষতা বাড়ানো এবং ক্ষেপণাস্ত্রের বিভিন্ন কারিগরি দিক যাচাই করা। এটি সেনাবাহিনীর প্রচলিত ক্ষেপণাস্ত্র শক্তিকে আরও ব্যাপক ক্ষমতা, বিধ্বংসী শক্তি ও টিকে থাকার সক্ষমতা দেবে।

আইএসপিআর জানায়, পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন রকেট ফোর্স কমান্ডের শীর্ষ কর্মকর্তা ও ক্ষেপণাস্ত্র উন্নয়নের সঙ্গে জড়িত বিজ্ঞানী ও প্রকৌশলীরা।

বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু এই সফল উৎক্ষেপণের জন্য সংশ্লিষ্ট সেনাসদস্য, বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন।

এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে প্রথমবার ৭৫০ কিলোমিটার পাল্লার ‘ফাতেহ ৪’ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছিল পাকিস্তান সেনাবাহিনী।

প্রসঙ্গত, গত আগস্টে ভারতের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে সেনাবাহিনীতে অত্যাধুনিক রকেট ফোর্স কমান্ড গঠন করে পাকিস্তান। এই বাহিনীকে দীর্ঘ পাল্লার প্রচলিত ক্ষেপণাস্ত্র তৈরি ও পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। 

সূত্র: ডন

এমএইচআর