আন্তর্জাতিক ডেস্ক
১৪ মে ২০২৬, ১১:৪৪ এএম
ওমানে গাড়িতে থাকা অবস্থায় বাংলাদেশি আপন চার ভাইয়ের মৃত্যু হয়েছে। দেশটির রাজধানী মাস্কাট থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে মোলাদ্দা এলাকায় বুধবার (১৩ মে) এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন- চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা আবদুল মজিদের ছেলে। চার ভাই ওমানে কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন। আগামী ১৫ মে তাদের দেশে ফেরার কথা ছিল। কেনাকাটা শেষে কর্মস্থলে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তারা।
আরও পড়ুন: ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু
ওমান পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘ সময় গাড়ি চালু রাখায় এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণেই তাদের মৃত্যু হতে পারে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ—তা নিশ্চিত হতে ময়নাতদন্ত ও মেডিকেল রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।
এ ঘটনায় রাঙ্গুনিয়ার বন্দারাজারপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। একসঙ্গে একই পরিবারের চার ভাইয়ের মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও শোক বিরাজ করছে।
এমআই