আন্তর্জাতিক ডেস্ক
১৩ মে ২০২৬, ১০:৪৬ পিএম
আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী। চলতি বছরের জানুয়ারি থেকে এ নিয়ে তৃতীয়বার হাসপাতালে ভর্তি হলেন রাজ্যসভার ৭৯ বছর বয়সি এই সাংসদ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার (১৩ মে) হরিয়ানা রাজ্যের গুরুগ্রামের শীর্ষস্থানীয় বেসরকারি ‘মেদান্ত- দ্য মেডিসিটি’ হাসপাতালে ভর্তি করা হয়েছে সোনিয়াকে।
দলীয় সূত্রের খবর, একটি অস্ত্রোপচারের জন্য কংগ্রেসের সাবেক সভাপতিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি কীসের অস্ত্রোপচার করাবেন, তা এখনো জানা যায়নি।
এর আগে গত মার্চের শুরুতে প্রচণ্ড জ্বর নিয়ে নয়াদিল্লির রাজেন্দ্র নগরে অবস্থিত স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সোনিয়া গান্ধীকে। সে সময় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে একটি সিস্টেমিক ইনফেকশন ধরা পড়ে।
তার আগে জানুয়ারি মাসের শুরুতে শ্বাসকষ্টজনিত অস্বস্তির কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল সোনিয়াকে। তখন চিকিৎসকরা দিল্লির শীত ও ক্রমবর্ধমান দূষণের কারণে সৃষ্ট ব্রঙ্কিয়াল অ্যাজমার মৃদু প্রকোপে এই অবস্থা হয়েছে বলে জানিয়েছিলেন।
গত বছরের ৯ ডিসেম্বর ৭৯ বছর বয়সে পা দেন সোনিয়া। তার জন্মদিনের সময়ও তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। বর্তমানেও বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিয়েছে তার। চিকিৎসাও করাচ্ছেন।
কিন্তু এই অসুস্থতার মধ্যেও রাজনীতিতে সক্রিয় থাকতে দেখা গেছে সোনিয়াকে। ভারতের বর্ষীয়ান এই রাজনীতিবিদ পাঁচবার লোকসভার সাংসদ হয়েছেন। এছাড়া তিনি রাজ্যসভার সাংসদও হয়েছেন।
সূত্র: এনডিটিভি
এমএইচআর