images

আন্তর্জাতিক

আলোচনার জন্য তালেবানকে আমন্ত্রণ জানালো ইইউ

আন্তর্জাতিক ডেস্ক

১৩ মে ২০২৬, ০৪:৫৩ পিএম

অভিবাসনের আবেদন প্রত্যাখ্যাত আফগান নাগরিকদের ফেরত পাঠানোর বিষয়ে আলোচনার জন্য তালেবানের প্রতিনিধিদের ব্রাসেলসে আমন্ত্রণ জানিয়েছে ইউরোপীয় কমিশন (ইইউ)

গত জানুয়ারি মাসে আফগানিস্তানে এ বিষয়ে ‘টেকনিক্যাল’ আলোচনা হয়েছিল জানিয়ে ইউরোপীয় কমিশনের মুখপাত্র মার্কাস ল্যামার্ট জানান, এবারের আমন্ত্রণটি সেই প্রাথমিক বৈঠকেরই ধারাবাহিকতা। 

তিনি আরও বলেন, তালেবান প্রতিনিধিদের ব্রাসেলসের আলোচনায় অংশ নেয়ার এই আমন্ত্রণকে ‘কোনোভাবেই’ আফগানিস্তানের সরকার হিসেবে তালেবানকে ‘স্বীকৃতি প্রদান’ হিসেবে গণ্য করা যাবে না।

২০২১ সালের শুরুর দিকে আফগানিস্তান থেকে ন্যাটো বাহিনী প্রত্যাহারের ডামাডোলে তালেবান আবার ক্ষমতায় ফিরে আসে। তারপর পাঁচ বছর পেরিয়ে গেলেও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তালেবান নেতৃত্বকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।

ইউরোপীয় কমিশনের মুখপাত্র ল্যামার্ট জানান, গত বছর মূলত ২০টি ইইউ সদস্য এবং শেংজেনভুক্ত দেশ অভিবাসনপ্রত্যাশী আফগানদের ফেরানোর বিষয়ে আলোচনার অনুরোধ জানিয়েছিল। দেশগুলো জানিয়েছিল, ২০২৪ সালে ইইউভুক্ত দেশগুলো যেসব আফগান নাগরিকের জন্য দেশে ফিরে যাওয়ার নির্দেশ জারি করেছিল এখন পর্যন্ত তাদের মধ্যে মাত্র ২ শতাংশকে ফেরত পাঠানো সম্ভব হয়েছে।

ল্যামার্ট জানান, আবেদন প্রত্যাখ্যাত হওয়া ব্যক্তিদের মধ্যে অধিকাংশেরই হয় কোনো অপরাধের দায়ে দণ্ডাদেশ হয়েছিল, অথবা তাদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে গণ্য করা হয়েছিল, কিংবা তাদের ক্ষেত্রে দুটো কারণই প্রযোজ্য ছিল।

ইউরোপীয় কমিশনের মুখপাত্র বলেন, ‘আমরা এখানে এমন সব ব্যক্তির কথা বলছি, যারা নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইইউ সদস্য রাষ্ট্রগুলো মূলত এমন ব্যক্তিদেরই ফেরত পাঠাতে চায়।’

সুইডেনের কর্তৃপক্ষের সঙ্গে ইউরোপীয় কমিশনের কর্মকর্তাদের আলোচনা শেষে মঙ্গলবার তালেবানকে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে আলোচনার জন্য একটি তারিখ নির্ধারণের অনুরোধও জানানো হয়েছে।

সূত্র: ডয়চে ভেলে


এমএইচআর