আন্তর্জাতিক ডেস্ক
১৩ মে ২০২৬, ০৩:২৬ পিএম
ফেন্টানাইলযুক্ত নকল ওষুধ বিক্রির অভিযোগে ভারতীয় অনলাইন ফার্মেসি ‘কেএস ইন্টারন্যাশনাল ট্রেডার্সের’ সঙ্গে যুক্ত ১৩ জনের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নিষেধাজ্ঞাপ্রাপ্ত ওই ব্যক্তিরা ভারত থেকে পরিচালিত কেএস ইন্টারন্যাশনাল ট্রেডার্স এবং এর মালিকের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারত-ভিত্তিক কেএস ইন্টারন্যাশনাল ট্রেডার্সের মতো নিষেধাজ্ঞাপ্রাপ্ত অনলাইন ফার্মেসিগুলো যুক্তরাষ্ট্রজুড়ে সন্দেহাতীত ভুক্তভোগীদের কাছে অবৈধ ফেন্টানাইল মিশ্রিত লাখ লাখ নকল টাবলেট বিক্রি করেছে, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি স্বরূপ।’
মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও বলেছে, কেএস ইন্টারন্যাশনাল ট্রেডার্স ফেন্টানাইল পাচারের মাধ্যমে কোটি কোটি ডলার আয় করেছে। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেন্টানাইলকে ‘গণবিধ্বংসী অস্ত্র’ হিসেবে চিহ্নিত করেছেন, যা এই ইস্যুটির গুরুত্ব ও ভয়াবহতাকে আরও স্পষ্ট করে তুলেছে।
বিবৃতিতে আরও বলা হয়, এই পদক্ষেপটি মূলত অবৈধ মাদক সিন্ডিকেটগুলো নির্মূল করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ভারতের দীর্ঘস্থায়ী ও যৌথ অঙ্গীকারের প্রতিফলন। যারা আমেরিকান নাগরিকদের বিষ প্রয়োগের মাধ্যমে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে বা এই প্রক্রিয়ায় সহযোগিতা করছে, তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ওয়াশিংটন।
সূত্র: আনাদোলু
এমএইচআর