আন্তর্জাতিক ডেস্ক
১২ মে ২০২৬, ০৯:০০ পিএম
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশির নিহতের ঘটনায় কড়া ভাষায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই ঘটনায় আরও দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (১২ মে) এক বিবৃতিতে এ নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে সংঘাত বন্ধ করে আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানানো হয়।
লেবাননে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানান, সোমবার রাতে পৃথক ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিখোঁজ হন। তবে এখন পর্যন্ত তাদের অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে সোমবার দুপুরে নাবাতিয়েহর যেব্দীন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হন। নিহতদের বাড়ি সাতক্ষীরা জেলায়।
নিহত শফিকুল ইসলাম (৪০) সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর এলাকার আফসার আলীর ছেলে এবং মো. নাহিদুল ইসলাম (২০) আশাশুনি উপজেলার কাদামাটি এলাকার মো. আব্দুল কাদেরের ছেলে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সময় সোমবার দুপুর ১২টার দিকে তারা বাসায় অবস্থান করছিলেন। এ সময় ড্রোন হামলায় ঘটনাস্থলেই দুজন নিহত হন। মরদেহ নাবাতিয়েহর নাবিহ বেররি হাসপাতালে রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রেমিট্যান্সযোদ্ধাদের মৃত্যুতে বাংলাদেশ দূতাবাস, বৈরুত গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
এদিকে দূতাবাসের শ্রম বিভাগের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, সোমবার রাতের হামলায় ওই এলাকায় থাকা বাংলাদেশিদের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়েছে। মরদেহ না পাওয়ায় দুই জনের মৃত্যু আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর জঘন্য হামলায় দুই বাংলাদেশির মৃত্যুতে সরকার সর্বোচ্চ কড়া ভাষায় নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করছে দূতাবাস।
এমএইচআর/এআর