images

ইসলাম / আন্তর্জাতিক

ভুয়া হজ–ওমরা অফারের ফাঁদ: সতর্ক করল দুবাই পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

১২ মে ২০২৬, ০৮:২১ পিএম

সংযুক্ত আরব আমিরাতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইনে ভুয়া হজ-ওমরা প্যাকেজের বিজ্ঞাপন দিয়ে অর্থ ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার ঘটনা বাড়ছে। এই পরিস্থিতে হজ ও ওমরা পালনে ইচ্ছুক ব্যক্তিদের প্রতারণা থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছে দুবাই পুলিশ।

মঙ্গলবার দুবাই পুলিশের জেনারেল ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল ইনভেস্টিগেশনের অধীন অ্যান্টি-ফ্রড সেন্টার ‘বি অ্যাওয়্যার অব ফ্রড’ শীর্ষক সচেতনতা অভিযানের অংশ হিসেবে এই সতর্কবার্তা জারি করেছে।

সতর্কবার্তায় পুলিশ জানায়, প্রতারকরা হজ ও ওমরা পালনে মানুষের আগ্রহকে কাজে লাগিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যম ও ওয়েবসাইটে লোভনীয় অফার, বিশেষ ছাড় এবং সহজে ভিসা ও বুকিং নিশ্চিত করার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিজ্ঞাপন প্রচার করছে। বাজারমূল্যের চেয়ে কম দামে ‘গ্যারান্টিযুক্ত’ হজ প্যাকেজ এবং দ্রুততম সময়ে ভিসা পাইয়ে দেওয়ার দাবি করে তারা বিশ্বাস অর্জন করে। এরপর অগ্রিম অর্থ পরিশোধ করতে বলে এবং টাকা হাতে পেলেই উধাও হয়ে যায়।

হজ ও ওমরা মৌসুমের আগের সপ্তাহগুলোতে এ ধরনের প্রতারণা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ সময় প্রতারকরা ভুয়া সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট ও ওয়েবসাইট তৈরি করে, পরিচিত প্রতিষ্ঠানের নাম ও লোগো নকল করে এবং পেশাদার ডিজাইনের বিজ্ঞাপন ব্যবহার করে আসল প্রতিষ্ঠানের ভান করে।

দুবাই পুলিশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদিত ও লাইসেন্সপ্রাপ্ত হজ-ওমরা অপারেটরের মাধ্যমে বুকিং দেওয়ার পরামর্শ দিয়েছে এবং যাচাই না করে কোনো অপরিচিত প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন না করতে সকলকে সতর্ক করেছে। 

সূত্র: গালফ নিউজ

এমএইচআর