আন্তর্জাতিক ডেস্ক
১১ মে ২০২৬, ০১:৫৫ পিএম
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লারেডো শহরে একটি মালবাহী ট্রেনের বগি থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় রোববার বিকেল সাড়ে ৩টার পর একটি রেল ইয়ার্ডে ইউনিয়ন প্যাসিফিকের ট্রেনের একটি বগিতে মরদেহগুলো পাওয়া যায়।
লারেডো পুলিশ বিভাগের জনসংযোগ কর্মকর্তা জোসে এস্পিনোজা জানান, ইউনিয়ন প্যাসিফিক রেল ইয়ার্ডের এক কর্মী স্থানীয় সময় বিকেল ৩টার দিকে প্রথম খবর দেন। পরে বগির ভেতরে মরদেহগুলো শনাক্ত করা হয়। ঘটনাস্থলে কোনো জীবিত ব্যক্তি পাওয়া যায়নি।
লারেডো পুলিশের মুখপাত্র জো বায়েজা বলেন, কীভাবে ওই ছয়জনের মৃত্যু হয়েছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
ইউনিয়ন প্যাসিফিক কর্তৃপক্ষ এক বিবৃতিতে ঘটনাটিকে দুঃখজনক বলে উল্লেখ করেছে। তারা জানিয়েছে, তারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে তদন্তে সহযোগিতা করছে।
স্থানীয় সময় অনুযায়ী ওই দিন লারেডোতে তাপমাত্রা ছিল প্রায় ৯০ ডিগ্রি ফারেনহাইটের (প্রায় ৩২-৩৪ ডিগ্রি সেলসিয়াস) কাছাকাছি। তবে তাপমাত্রা মৃত্যুর কারণ কি না, তা এখনো নিশ্চিত নয়।
যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন (সিবিপি) জানিয়েছে, ঘটনাটি লারেডো পুলিশ, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস (এইচএসআই) এবং টেক্সাস রেঞ্জার্স যৌথভাবে তদন্ত করছে।
মৃতদের পরিচয়, বয়স কিংবা অভিবাসন-সংক্রান্ত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
এমআর