images

আন্তর্জাতিক

মিয়ানমারে মধ্যরাতে ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক

১১ মে ২০২৬, ০৮:০৪ এএম

মিয়ানমারে গভীর রাতে ৫.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাব বাংলাদেশেও অনুভূত হয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন এলাকার বাসিন্দারা। বিশেষ করে চট্টগ্রামসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় মৃদু কম্পন টের পাওয়া যায়।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, রোববার (১০ মে) দিবাগত রাত ১টা ৩৬ মিনিটে (বাংলাদেশ সময়) ভূমিকম্পটি আঘাত হানে। সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে ভূমিকম্পের কেন্দ্রস্থল নির্ধারণ করা হয়েছে ২০.৪৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৩.৯৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, কম্পনটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সিদোকতাইয়া এলাকা থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে গভীর রাতে হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগের দিন শনিবার (৯ মে) বিকেলে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলাতেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়। বিকেল ৩টা ১০ মিনিটের দিকে হওয়া ওই কম্পনে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না মিললেও স্থানীয়দের মধ্যে সাময়িক উদ্বেগ দেখা দেয়।

আন্তর্জাতিক বিভিন্ন ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থার তথ্যে সামান্য পার্থক্য থাকলেও ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৪ থেকে ৪.৫ এর মধ্যে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি রিখটার স্কেলে এর মাত্রা ৪.৫ উল্লেখ করলেও ইউএসজিএস জানায়, কম্পনের মাত্রা ছিল ৪.৪।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্রের তথ্যমতে, শনিবারের ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভারতের আসামের বিলাসিপাড়া এলাকায়। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের অল্প গভীরে হওয়ায় সীমান্তঘেঁষা বাংলাদেশি জেলাগুলোতে কম্পন বেশি অনুভূত হয়।

লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর ও ময়মনসিংহসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার বাসিন্দারা কয়েক সেকেন্ড স্থায়ী ওই কম্পন অনুভবের কথা জানিয়েছেন।

/এএস