আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২৬, ১২:৫৯ পিএম
ভারতের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান শেষে ফেরার পথে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাকর্মীরা সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরের বাসভবনের সামনে 'চোর-চোর' স্লোগান দিয়েছেন।
কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শনিবার (৯ মে) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার সঙ্গে একই মঞ্চে শপথ নেন রাজ্যের পাঁচজন মন্ত্রীও।
শপথগ্রহণ অনুষ্ঠান শেষে মমতা ব্যানার্জির বাড়ির সামনে 'চোর-চোর' স্লোগান দেয় বিজেপি কর্মীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশাল প্রতিকৃতি হাতে 'জয় শ্রীরাম' স্লোগানও দেয় তারা।
এ সময় ইট-পাটকেল ছোড়া হয় মমতা ব্যানার্জির বাড়ি লক্ষ্য করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় পুলিশ।
এদিকে, রবীন্দ্রজয়ন্তী উদযাপনে নিজ বাড়িতেই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেন তৃণমূল নেত্রী। এ সময় বিজেপির হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষায় সবাইকে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে, ভারতের তামিলনাড়ু রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় বিজয় থালাপতিকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ রোববার (১০ মে) এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।
বিজয়কে উদ্দেশ্য করে দেওয়া ওই বার্তায় প্রধানমন্ত্রী মোদি বলেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় থিরু সি জোসেফ বিজয়কে অভিনন্দন। তার আগামী মেয়াদের জন্য শুভকামনা রইল।
এ সময় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়ে মোদি আরও বলেন, মানুষের জীবনমান উন্নয়নে তামিলনাড়ু সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকার কাজ করে যাবে।
এর আগে, রোববার (১০ মে) সকালে চেন্নাই নেহরু স্টেডিয়ামে ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজয়।
-এমএমএস