আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২৬, ১২:২৫ পিএম
বঙ্গোপসাগরের উপকূল থেকে আকাশের দিকে গত শুক্রবার বিশাল আলো দেখতে পান সাধারণ মানুষ। এ নিয়ে দেশে বেশ কৌতুহল তৈরি হয়।
অবশেষে জানা গেলো সেটি ছিল ভারতের ৫ হাজার কিলোমিটার পাল্লার অত্যাধুনিক মিসাইল অগ্নি-৫ এর পরীক্ষামূলক উৎক্ষেপণ।
এটি এমন এক মিসাইল যা একসঙ্গে একাধিক ওয়ারহেড বা বোমা বহন করতে পারে এবং নির্ভুলভাবে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। খবর ইন্ডিয়া টুডের।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে শনিবার (৯ মে) জানিয়েছে, শুক্রবার সফলভাবে অত্যাধুনিক মিসাইলটি পরীক্ষা করা হয়। এতে এমআইআরভি প্রযুক্তি রয়েছে।
পরীক্ষাটি করা হয় দেশটির ওড়িশ্যার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে। এটি বঙ্গোপসাগরে অবস্থিত।
মিসাইলটির ওয়ারহেডগুলো ভারত মহাসাগরে ঠিক করা বিভিন্ন টার্গেটে সফলভাবে আঘাত হেনেছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।
ভারতসহ বিশ্বের অল্প কয়েকটি দেশের কাছেই এমন মিসাইল আছে। যা একটি ছুড়েই একাধিক স্থানে আঘাত হানা যায়।
এরআগে গত বছর মার্চে অগ্নি-৫ মিসাইলের প্রথম পরীক্ষা করেছিল নয়াদিল্লি। প্রথমে ধারণা করা হয়েছিল ভারত তাদের আন্তঃমহাদেশীয় অগ্নি-৬ মিসাইলের পরীক্ষা চালিয়েছে। যা পারমাণবিক অস্ত্র বা ওয়ারহেড বহনে সক্ষম।
কিন্তু তারা অগ্নি-৫ মিসাইল দ্বিতীয়বারের মতো পরীক্ষা করেছে। এটি ৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এ মিসাইলও পারমাণবিক অস্ত্র বহন করতে পারে।
ভারতের অগ্নি সিরিজের ১,২,৩ ও ৪ মিসাইলগুলোর রেঞ্জ যথাক্রমে ৭০০ থেকে ৩ হাজার ৫০০ কিলোমিটার। এখন অগ্নি-৫ যুক্ত হওয়ার মাধ্যমে তাদের হামলার সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।
-এমএমএস