আন্তর্জাতিক ডেস্ক
০৯ মে ২০২৬, ০৬:১৪ পিএম
অবশেষে শেষ হতে যাচ্ছে তামিলনাড়ু সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচালবস্থা। ব্যাপক নাটকীতার পর প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেল অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে)। রাজ্যের ছোট দুই দল- ভিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) থালাপতির দল টিভিকে-কে নিঃশর্ত সমর্থনের ঘোষণা দিয়েছে। এতে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী যে বিজয়ই হচ্ছেন তা নিশ্চিত হয়ে গেল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার ভিসিকে এবং আইইউএমএল, যাদের প্রত্যেকের দুজন করে বিধায়ক রয়েছে টিভিকে-কে নিঃশর্ত সমর্থন জানিয়েছে। তাদের সমর্থনে টিভিকে-নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ সীমা অতিক্রম করে ১২০টিতে পৌঁছেছে।
এনডিটিভির হাতে আসা রাজ্যের গভর্নর আর ভি আরলেকারকে লেখা ভিসিকের সমর্থনপত্রে বলা হয়েছে, তামিলনাড়ুতে একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক সরকার নিশ্চিত করার জন্যই বিজয়কে সমর্থন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলটির সভাপতি ড. থোল থিরুমাভালাভান বলেছেন, ‘আমাদের দুই বিধায়কের পক্ষ থেকে, তামিলনাড়ু রাজ্যে সরকার গঠনের উদ্দেশ্যে বিজয়ের নেতৃত্বে থাকা টিভিকে-কে আমাদের সমর্থন জ্ঞাপন করছি। এই সমর্থন... তামিলনাড়ুর জনগণের জন্য স্থিতিশীল ও গণতান্ত্রিক শাসন নিশ্চিত করার স্বার্থে জানানো হচ্ছে। আমি আমাদের এই নিঃশর্ত সমর্থন গ্রহণ করার জন্য অনুরোধ করছি’।
এরআগে গতকাল শুক্রবার (৮মে) বিজয়কে সমর্থনের আশ্বাস দিয়েছিল ভিসিকে ও আইইউএমএল। এতে টানা তিনদিনে তৃতীয়বারের মতো রাজ্যের গভর্নর আরলেকারের সঙ্গে বৈঠকে বসেন বিজয়। এ বৈঠকেই তিনি আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানান তিনি। তবে গর্ভনরের কাছে ওই দুই দলের আনুষ্ঠানিক সমর্থনপত্র দেখাতে পারেননি বিজয়। এতে আবারো বিপাকে পড়েন দক্ষিণী সিনেমার এই সুপারস্টার।
প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচনে বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম চমক দেখিয়ে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি জিতে নেয়। তবে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮ আসন। যদিও বিজয়ের দল দ্রুতই কংগ্রেসের ৫টি আসনের সমর্থন নিশ্চিত করে। এছাড়াও গতকাল বামপন্থি দুইদল কম্যুনিস্ট পার্টি অব ইন্ডিয়া-মার্কবাদী (সিপিআইএম) ও কম্যুনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (সিপিআই) থালাপতির দল টিভিকে-কে সমর্থন জানায়।
এনডিটিভি বলছে, বিজয়ের পরবর্তী পদক্ষেপ হলো ১১৮ জন বিধায়কের সকলের সমর্থনপত্র রাজ্যপালের কাছে হস্তান্তর করা। এরপর রাজ্যপাল তাকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাবেন।
সূত্র: এনডিটিভি
এমএইচআর