আন্তর্জাতিক ডেস্ক
০৬ মে ২০২৬, ০৪:৪৮ পিএম
মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান শুধু একটি ‘ন্যায্য ও সমন্বিত চুক্তি’ গ্রহণ করবে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
বুধবার (৬ মে) বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকের পর এই মন্তব্য করেন তিনি।
ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওয়াং ই’র সঙ্গে বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আলোচনায় আমাদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব’।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, আরাঘচিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দুই মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ নিয়ে চীন ‘গভীরভাবে উদ্বিগ্ন’ এবং এই পরিস্থিতিতে একটি ‘সামগ্রিক যুদ্ধবিরতি’ অনিবার্য।
ওয়াং ই আরও বলেন, ‘ চীন বিশ্বাস করে একটি সমগ্র যুদ্ধবিরতি জরুরি। আবার বৈরিতার সূত্রপাত গ্রহণযোগ্য নয় এবং সংলাপ ও আলোচনার প্রতি অঙ্গীকার বজায় রাখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ’।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে এটি ছিল কোনো ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফর। বেইজিংয়ে আসার মাত্র এক সপ্তাহ আগে, আরাঘচি রাশিয়া সফর করেছিলেন। ওই সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন।
মস্কো সফরের পরপরই তার এই চীন সফর মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
আরাঘচির এই সফরের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চীনকে আহ্বান জানিয়েছেন ইরানকে এই বার্তা দিতে যে, তাদের কর্মকাণ্ড দেশটিকে ‘বিশ্বব্যাপী বিচ্ছিন্ন’ করে তুলছে।
সূত্র: বিবিসি
এমএইচআর