images

আন্তর্জাতিক

৬ ভারতীয় নাবিককে উদ্ধার করলো পাকিস্তান 

আন্তর্জাতিক ডেস্ক

০৬ মে ২০২৬, ১২:৪৫ পিএম

যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ সমুদ্রে আটকে পড়া ছয় ভারতীয় নাবিককে উদ্ধার করলো পাকিস্তানের নৌবাহিনী।

আরব সাগরে বিপদে পড়া একটি বাণিজ্যিক জাহাজের ডিসট্রেস কল পেয়ে ওই উদ্ধার অভিযান চালায় পাকিস্তান। খবর রয়টার্স ও আরব নিউজের।

এমভি গৌতম নামের ওই জাহাজটিতে ছয়জন ভারতীয় এবং একজন ইন্দোনেশিয়ান নাবিক ছিলেন। তাদের সবাইকেই উদ্ধার করে জরুরি সহায়তা দেয়া হয়।

ওমান থেকে ভারত যাওয়ার পথে মাঝসমুদ্রে নৌযানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় সহায়তার জন্য ডিসট্রেস কল দিলে নৌবাহিনীর একটি জাহাজ পাঠায় পাকিস্তান নৌবাহিনী। 

পরে নাবিকদের উদ্ধার করে তাদের খাদ্য ও চিকিৎসা সহায়তা দেয়া হয়। সমগ্র অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান নৌবাহিনী।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এমভি গৌতম নামের জাহাজটি ওমান থেকে ভারতে আসার পথে গুরুতর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যার ফলে এটি সমুদ্রে আটকা পড়ে।

মুম্বাইয়ের মেরিটাইম রেসকিউ অ্যান্ড কোঅর্ডিনেশন সেন্টার ইসলামাবাদ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সহায়তা চাওয়ার পর পাকিস্তান নৌবাহিনী জাহাজটির ছয়জন ভারতীয় ও একজন ইন্দোনেশীয় নাবিকদের জন্য একটি উদ্ধার ও সহায়তা অভিযান শুরু করে।

এই অনুরোধে সাড়া দিয়ে পাকিস্তান নৌবাহিনী উদ্ধার অভিযান চালানোর জন্য পিএমএসএস কাশ্মীর নামের জাহাজটি পাঠায়।

বিবৃতিতে বলা হয়েছে, নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এমভি গৌতমকে সচল ও নাবিকদের খাদ্য, চিকিৎসা সহায়তা এবং প্রযুক্তিগত সহায়তাসহ জরুরি সাহায্য প্রদান করা হয়েছে।

-এমএমএস