images

আন্তর্জাতিক

নিরাপত্তা সরিয়ে নেওয়া হলো মমতা-অভিষেকের বাড়ির

আন্তর্জাতিক ডেস্ক

০৬ মে ২০২৬, ১২:০০ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে ভোট গণনার পরের দিন মঙ্গলবার থেকেই একে একে নিরাপত্তা ব্যবস্থা সরানো হচ্ছিলো। 

বুধবার সকাল সাড়ে ৬টা থেকে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং কার্যালয়ের সামনে থেকেও নিরাপত্তা বাহিনী পাকাপাকি ভাবে সরে গেল। 

তাদের বাড়ি এবং কার্যালয়ের সামনে এত দিন যে নিরাপত্তা দেখা যেত, মঙ্গলবার সকাল থেকেই সেই ছবিটা বদলাতে শুরু করে ৯, ক্যামাক স্ট্রিট, ১২১, কালীঘাট রোড এবং ১৮৮এ, হরিশ চ্যাটার্জি স্ট্রিট— এই তিন ঠিকানায়।

প্রসঙ্গত, মঙ্গলবারই লালবাজার থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এই তিন জায়গায় বুধবার সকাল সাড়ে ৬টা থেকে আর অতিরিক্ত বাহিনী মোতায়েন থাকবে না। 

সেই নির্দেশ বুধবার সকাল থেকেই কার্যকর হয়েছে। এই তিন জায়গায় নিরাপত্তায় ছিলেন যে সব পুলিশকর্মী, বুধবার সকালে তারা ওই জায়গা ছেড়ে চলে যান। 

ওই তিন ঠিকানায় নিরাপত্তায় থাকা পুলিশদের জন্য যে কিয়স্ক ছিল, বুধবার সকালে তা ফাঁকা হয়ে গিয়েছে।

১৮৮এ, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতার বাসভবন। রাজ্যে পালাবদলের ২৪ ঘণ্টার মধ্যেই মমতার বাড়ি যাওয়ার গলির মুখে থাকা ‘সিজারস ব্যারিকেড’ সরিয়ে নেওয়া হয়। 

এবার লালবাজার থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হল, বিদায়ী মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বাড়তি কোনও নিরাপত্তা থাকবে না। 

তবে, একজন ‘সাবেক’ মুখ্যমন্ত্রী হিসাবে প্রোটোকল অনুযায়ী যতটা নিরাপত্তা পাওয়ার কথা, সেই পরিমাণ নিরাপত্তা পাবেন মমতা।

অন্য দিকে, শেক্সপিয়র থানার অন্তর্গত ৯, ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয়। তৃণমূলের ‘সেনাপতি’র দফতর এখানে তৈরি হওয়ার পর থেকে নিরাপত্তার চাঁদরে মুড়ে ফেলা হয়েছিল। সেখান থেকেও সরিয়ে নেওয়া হল নিরাপত্তা। 

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে ক‍্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয়ের সামনে থেকে সরে যায় পুলিশি প্রহরা। ১২১, কালীঘাট রোডে অভিষেকের বাড়ির সামনে থেকেও নিরাপত্তা সরলো। 

তবে, একজন এমপি হিসাবে যতটা নিরাপত্তা পাওয়া প্রয়োজন, সেই নিরাপত্তা পাবেন অভিষেক।

-এমএমএস