images

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখনো শেষ হয়নি: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

০৫ মে ২০২৬, ১০:৪৩ পিএম

যুক্তরাষ্ট্র ‘যুদ্ধ চায় না’ উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতি এখনো শেষ হয়ে যায়নি। তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ইরানকে নিয়ন্ত্রণ করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

মঙ্গলবার (৫ মে) পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

যুদ্ধবিরতি শেষ হয়ে যাওয়ার কারণে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে অভিযানের শুরু করেছে কি না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে হেগসেথ বলেন, ‘না, যুদ্ধবিরতি শেষ হয়ে যায়নি। এটি (প্রজেক্ট ফ্রিডম) সম্পূর্ণ আলাদা একটি বিষয়।’

তিনি আরও বলেন, ‘আপাতত যুদ্ধবিরতি বজায় আছে।’ তবে ইরানকে সতর্ক করে তিনি বলেন, তারা যেন এমন কোনো পদক্ষেপ না নেয় যেটির কারণে পুনরায় যুদ্ধ শুরু হতে পারে।

হেগসেথ বলেন, ‘ইরানকে একটি আন্তর্জাতিক জলপথে (হরমুজ প্রণালি) নিরীহ দেশ এবং তাদের পণ্য চলাচলে বাধা দিতে দেওয়া হবে না।’

তিনি জানান, ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের অভিযান সাময়িক। এর মূল লক্ষ্য হলো ইরানের আগ্রাসন থেকে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দেওয়া। 

তার দাবি, ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী দুটি জাহাজ সফলভাবে এই প্রণালি অতিক্রম করেছে। এটি প্রমাণ করে যে যাতায়াতের পথ এখন নিরাপদ এবং এই ঘটনায় ইরান ‘লজ্জিত’। 

এরআগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ‘প্রজেক্ট ফ্রিডম’ অংশ হিসেবে হরমুজ প্রণালিতে ইরানের ছোট আকারের সাতটি নৌযানে (দ্রুতগতির নৌকা) হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হেলিকপ্টার ব্যবহার করে এই অভিযান চালিয়েছে বলে তিনি জানান। 

তবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, মার্কিন বাহিনী তাদের নৌযান নয়, বরং যাত্রীবাহী ছোট নৌকায় হামলা চালিয়েছে। এতে পাঁচজন বেসামরিক নিহত হয়েছেন বলে জানায় ইরান।

ইরান আরও দাবি করেছে, মার্কিন ডেস্ট্রয়ারগুলো (যুদ্ধজাহাজ) তাদের রাডার বন্ধ রেখে হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করেছিল। কিন্তু ইরানি নৌবাহিনী এ অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি রাখায় রাডার চালু করার সঙ্গে সঙ্গেই সেগুলো ধরা পড়ে যায়। শনাক্ত করার পর ইরানি নৌবাহিনী মার্কিন জাহাজগুলো লক্ষ্য করে সতর্কতামূলক গোলাবর্ষণ করে। সতর্কবার্তার অংশ হিসেবে কমব্যাট ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রকেট ব্যবহার করা হয়। ফলে মার্কিন ডেস্ট্রয়ারগুলো ফিরে যেতে বাধ্য হয়।

তেহরান স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেছে, মার্কিন নৌবাহিনী যদি আবারও হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করে, তবে তা যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে।

প্রসঙ্গত, গত দুইদিনে হরমুজ প্রণালিতে সামরিক উত্তেজনা গত ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে নাড়িয়ে দিয়েছে। এতে আবারো তুমুল যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা জেগে উঠেছে।

সূত্র: বিবিসি, আলজাজিরা


এমএইচআর