আন্তর্জাতিক ডেস্ক
০৫ মে ২০২৬, ০৫:১৩ পিএম
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ এনে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার (৫ মে) কালীঘাটে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তিনি।
কখন পদত্যাগ করছেন— এমন প্রশ্নের জবাবে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‘কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফার প্রশ্ন আসছে কোথা থেকে?’
মমতা আরও বলেন, ‘এমনি জিতলে কোনও অভিযোগ থাকত না। হার-জিত থাকেই। কিন্তু তা হয়নি। আমরা হারিনি। ওরা লুট করেছে।’

ভোট গণনাকেন্দ্র মারধরের শিকার হয়েছেন অভিযোগ করে তিনি বলেন, ‘সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে আমার এজেন্টদেরও ঢুকতে দেয়নি। সিসিটিভি বন্ধ রেখে ভেতরে ওরা আমার পেটে লাথি মেরেছে, পেছনে লাথি মেরেছে।’
তৃণমূল সুপ্রিমো আরও বলেন, ‘নারী হিসেবে আমি অপমানিত। আমার সঙ্গেই এটা হল, তা হলে অন্যদের কী ভাবে অত্যাচারিত হতে হচ্ছে, বোঝা যাচ্ছে। দল কর্মীদের পাশে আছে। আমরা লড়াই চালিয়ে যাব। ঘুরে দাঁড়াব।’
বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের সকল নেতা ফোন করে পাশে থাকার বার্তা দিয়েছেন উল্লেখ্য করে মমতা বলেন, ‘সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরীওয়াল, উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদব, হেমন্ত সোরেনরা ফোন করেছিলেন। সমবেদনা জানিয়েছেন এবং পাশে থাকার বার্তা দিয়েছেন।
তিনি বলেন, ‘জোট আগামী দিনে আরও শক্তিশালী হবে। অখিলেশ আজ আসতে চেয়েছিল। আমি কাল আসতে বলেছি। একে একে সকলেই আসবেন। জোট শক্তিশালী করব।’
মমতার সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অভিষেকের বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
সূত্র: আনন্দবাজার
এমএইচআর
এমএইচআর