আন্তর্জাতিক ডেস্ক
০৪ মে ২০২৬, ০৮:০১ পিএম
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নিয়ম ভঙ্গের অভিযোগে মমতা বন্দোপাধ্যায় ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মোবাইল ফোন জব্দ করেছে ভারতের নির্বাচন কমিশন।
কলকাতা-ভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, সোমবার (৪ মে) বিকেলে ভবানিপুর আসনের সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের একটি ভোটকেন্দ্রে যান মমতা। সেখানে যান শুভেন্দুও। ওই সময় তাদের কাছ ফোন থাকায় সেগুলো জব্দ করার নির্দেশ দেন নির্বাচন কমিশন।
মূলত নিয়ম অনুযায়ী, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, গণনাকেন্দ্রে কোনো প্রার্থী বা এজেন্ট মোবাইল নিয়ে প্রবেশ করতে পারেন না। ফলে কমিশনের নির্দেশে তাদের ফোন জমা নেওয়া হয়।
এদিকে ওই একই গণনাকেন্দ্রে উপস্থিত তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ম অনুযায়ী প্রার্থীর নির্ধারিত ব্যক্তি ছাড়া অন্যদের উপস্থিতি নিষিদ্ধ হওয়ায় বেরিয়ে যাওয়ার নির্দেশ দেয় কমিশন।
এরআগে সোমবার দুপুর সাড়ে ৩টার কিছু পরে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রে পৌঁছোন মমতা। সেখানে আগে থেকেই বিজেপি কর্মীদের জটলা ছিল। মমতা পৌঁছোনোর আগেই একপ্রস্ত উত্তেজনা ছড়িয়েছিল সেখানে। মমতার গাড়ি সাখাওয়াত মেমোরিয়ালে পৌঁছোতেই ‘চোর-চোর’ স্লোগান তুলতে থাকেন বিজেপির কর্মী-সমর্থকেরা।
মমতা সাখাওয়াত মেমোরিয়ালে পৌঁছোনোর কিছু আগেই গণনাকেন্দ্রের অদূরে একটি পেট্রল পাম্পে বসেছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও সেখানে ছিলেন। পরে জানা যায়, পুলিশ তৃণমূল কর্মীদের সেখান থেকে উঠে যেতে বলে। যদিও ওই সময়ে তৃণমূলের রাজ্য সভাপতি সেখানে ছিলেন কি না, তা স্পষ্ট নয়।
এর কিছু পরেই এজেসি বোস রোড ধরে এগিয়ে আসা বিজেপি সমর্থকদের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় পুলিশের। পরে বিজেপির কর্মী-সমর্থকেরা তৃণমূলের জমায়েতস্থলে পৌঁছে যান। তৃণমূল কর্মীদের পেতে রাখা চেয়ার ভাঙচুরেরও অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।
উত্তেজনা বৃদ্ধি পেতেই সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গণনাকেন্দ্রের চত্বরে নিরাপত্তা বৃদ্ধি করা হয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সংখ্যা বৃদ্ধি করা হয় গণনাকেন্দ্রের কাছে। এর মধ্যেই বিজেপি সমর্থকেরা মমতার বিরুদ্ধে ‘চোর-চোর’ স্লোগান তুলতে থাকেন। ওঠে ‘গো ব্যাক’ স্লোগানও।
সূত্র: আনন্দবাজার
এমএইচআর