images

আন্তর্জাতিক

‘পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে’— বিজেপির জয়ে মোদি

আন্তর্জাতিক ডেস্ক

০৪ মে ২০২৬, ০৭:২৮ পিএম

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ইতিহাস গড়ার পথে বিজেপি। ২৯৩ আসনের মধ্যে ২০৫টি আসনে এগিয়ে থেকে প্রাথমিক গণনায় বড় ব্যবধানে এগিয়ে থেকে সরকার গঠনের সুবাস পাচ্ছে দলটি। নিজ দলের এমন নিরঙ্কুশ জয়ের আভাসে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে! ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণের শক্তির জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি এখানকার জনগণের পূর্ণ আশীর্বাদ পেয়েছে।’ 

মোদি আরও বলেন, ‘এই ঐতিহাসিক বিজয়ের জন্য আমি বাংলার আমার ভাই-বোনদের প্রতি অন্তরের অন্তস্তলে কৃতজ্ঞ। জনগণ—জনতা-জনার্দন—বিজেপিকে এক অভূতপূর্ব জনাদেশ দিয়েছেন। আমি তাদের আশ্বাস দিচ্ছি যে, পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের দল কোনো প্রচেষ্টাই বাকি রাখবে না। আমাদের ডাবল-ইঞ্জিন সরকার সমাজের সকল স্তরের মানুষের জন্য সমান সুযোগ ও সম্মান নিশ্চিত করবে’।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়। ২৪ পরগনার একটি আসনের ভোট বাতিল করায় আজ ভোট গণনা হচ্ছে ২৯৩টি আসনের। আজ সোমবার সকাল থেকে ভোট গণনা চলছে। 

নির্বাচন কমশিনের সর্বশেষ তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৩টি আসনের মধ্যে ২০৫টিতেই এগিয়ে আছে বিজেপি, আর ১৫ বছর ক্ষমতায় থাকা তৃণমূল এগিয়ে আছে মাত্র ৮২টি আসনে। এছাড়া ২টি করে আসনে এগিয়ে আছে বামপন্থি সিপিএম ও কংগ্রেস এবং ২টি আসনে অন্যান্য প্রার্থীরা।

সূত্র: এনডিটিভি

এমএইচআর