images

আন্তর্জাতিক

হরমুজে আটকে পড়া জাহাজ সরাতে সাহায্য করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

০৪ মে ২০২৬, ০৭:১৮ এএম

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজ সরাতে সহায়তা করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সোমবার থেকেই এ কার্যক্রম শুরু হবে।

রোববার রাতে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই ঘোষণা দেন। এ উদ্যোগকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান।

ট্রাম্প বলেন, সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোর নিরাপদে চলাচল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ‘সর্বোচ্চ চেষ্টা’ করবে। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট ফ্রিডম’।

এমন উদ্যোগের কারণ ব্যাখ্যা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘মূলত সেই সব মানুষ, কোম্পানি ও দেশকে মুক্ত করতে জাহাজ চলাচলের এই উদ্যোগ নেওয়া হয়েছে, যেসব দেশ কোনো অপরাধ করেনি। তারা পরিস্থিতির শিকার।’

ট্রাম্প বলেন, জাহাজগুলোকে প্রণালি থেকে বের করে আনা একটি ‘মানবিক পদক্ষেপ’ এবং এটি যুক্তরাষ্ট্র, পশ্চিম এশিয়ার দেশগুলোর পাশাপাশি বিশেষ করে ইরানের পক্ষ থেকেও একটি ‘সদয় আচরণ’ হতে পারে।

মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য, অনেক জাহাজে ইতোমধ্যে খাদ্যসংকট দেখা দিচ্ছে। ‘প্রজেক্ট ফ্রিডম’-এর কাজে কেউ বাধা দিলে তা কঠোরভাবে মোকাবিলা করারও হুঁশিয়ারি দেন তিনি।

একই সঙ্গে ইরান–এর সঙ্গে ‘খুব ইতিবাচক আলোচনা’ চলছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। তার আশা, এই আলোচনা সবার জন্য ইতিবাচক ফল বয়ে আনতে পারে।

অন্যদিকে, ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালির নতুন সামুদ্রিক শাসনব্যবস্থায় যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপ ‘যুদ্ধবিরতির লঙ্ঘন’ হিসেবে বিবেচিত হবে।

রোববার রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি ট্রাম্পের বক্তব্যকে ‘বিভ্রান্তিকর’ বলে দাবি করেন।

এদিকে, পারমাণবিক কর্মসূচিতে কোনো পরিবর্তন না এনে প্রণালির ওপর থেকে নিয়ন্ত্রণ শিথিল করার প্রস্তাব দিয়েছে ইরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কাছে নৌ-অবরোধ তুলে নেওয়ার দাবিও জানিয়েছে দেশটি। ইরানের এ প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র বলেছে তারা ইরানের প্রস্তাব পর্যালোচনা করছে।

এমআর