images

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে পাল্টা ১৪ দফা শান্তি পরিকল্পনা ইরানের, যা বলছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

০৩ মে ২০২৬, ০৫:১৭ পিএম

সামরিক যুদ্ধ আপাতত বন্ধ থাকলেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখনো অর্থনৈতিক যুদ্ধ চলমান। চলছে সমুদ্র পথ অবরোধের খেলা। তবে সব ধরনের যুদ্ধই স্থায়ীভাবে বন্ধ চায় ইরান। তার জন্য যুক্তরাষ্ট্রকে পাল্টা ১৪ দফার শান্তি পরিকল্পনা দিয়েছে মুজতবা আলি খামেনির দেশ।

সম্প্রতি ইরানকে ৯ দফার একটি শান্তি প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই প্রস্তাবের পাল্টা হিসেবে ১৪ দফার শান্তি পরিকল্পনা দিল তেহরান।

ইরান জানিয়েছে, তারা যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার জন্য মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের কাছে একটি পরিকল্পনা পেশ করেছে। এখন যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে, তারা সংঘাতের পথ বেছে নেবে, নাকি কূটনৈতিকভাবে এর সমাধান করবে।

এদিকে ইরানের দেওয়া ১৪ দফা শান্তি পরিকল্পনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি শিগগিরই শান্তি প্রস্তাবনাগুলো বিবেচনা করবেন। যদিও তিনি মনে করছেন, তেহরানের পক্ষ থেকে যেসব প্রস্তাবনা দেওয়া হয়েছে, সেগুলো ‘গ্রহণযোগ্য না’।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। একটি স্কুলের শতাধিক শিশুসহ ইরানের শীর্ষ বেশ কয়েকজন কর্মকর্তা এবং বহু বেসামরিক মানুষকে হত্যা করা হয়েছে। ধ্বংস করে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটির বহু গুরুত্বপূর্ণ স্থাপনা।

মোক্ষম জবাব দিয়েছে ইরানও। তারা ধারাবাহিকভাবে হামলা চালিয়ে ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ বেশ কয়েকটি শহরকে ফিলিস্তিনের গাজার মতো করে দিয়েছে। প্রথমে আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার মৃত্যুর পর মুজতবা আলি খামেনির নেতৃত্বে ইরান হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি করে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটির। 

শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ধসিয়ে দিয়েছে ইরান। তুরুপের তাস হিসেবে বন্ধ করে দিয়েছে হরমুজ প্রণালিও। গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বিশ্বের এক-তৃতীয়াংশ জ্বালানি তেল আমদানি-রফতানি হয়। যার জেরে জ্বালানি তেলের বিশ্ববাজারে শুরু হয় চরম অস্থিরতা।

এই যুদ্ধে ন্যাটো অধিভুক্ত ইউরোপের শক্তিশালী দেশগুলোসহ অধিকাংশ দেশেরই সমর্থন হারিয়েছে যুক্তরাষ্ট্র। শেষমেশ তাই উপায়ন্তর না দেখে পাকিস্তানের মধ্যস্ততায় গত ৮ এপ্রিল প্রথমে সাময়িক যুদ্ধবিরতি এবং পরে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

তবে এই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ চাইছে ইরান। তার জন্য বেশ কিছু শর্ত দিয়েছে তারা। কিন্তু সেগুলোর বেশিরভাগই মানতে নারাজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আবার যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তও মানছে না ইরান। ফলে শর্তের বেড়াজালে আটকে আছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের ভবিষ্যত। 

এএইচ