আন্তর্জাতিক ডেস্ক
০২ মে ২০২৬, ০৫:৩৩ পিএম
২০২৬ সালের হজ মৌসুমকে সামনে রেখে সৌদি আরব নতুন একটি বয়সসীমা নীতিমালা ঘোষণা করেছে। নতুন নিয়ম অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী কেউ এবার হজ পালনে অংশ নিতে পারবে না।
রোববার (২ মে) সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হজের সময় অতিরিক্ত গরম, বিশাল জনসমাগম এবং নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে শিশুদের শারীরিক নিরাপত্তা নিশ্চিত করাই এই নীতির মূল উদ্দেশ্য।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় স্পষ্ট করেছে, ২০২৬ সালের হজে অংশগ্রহণের জন্য প্রার্থীর বয়স অবশ্যই আরাফার দিনের (হিজরি ১৪৪৭ অনুযায়ী নির্ধারিত তারিখে) মধ্যে ন্যূনতম ১৫ বছর পূর্ণ হতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোকে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে হজের সময় প্রচণ্ড গরম ও অতিরিক্ত ভিড়ের কারণে নানা ধরনের দুর্ঘটনা ও স্বাস্থ্যঝুঁকি দেখা দেওয়ায় সৌদি সরকার নিরাপত্তাব্যবস্থা আরও কঠোর করেছে। নতুন এই বয়সসীমা নীতিও সেই ধারাবাহিকতার অংশ বলে মনে করা হচ্ছে।
চাঁদ দেখাসাপেক্ষে আগামী ২৬ মে অনুষ্ঠিত হবে এবারের পবিত্র হজ। ইতোমধ্যে সারা বিশ্ব থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম সৌদি আরবে জড়ো হয়েছেন হজব্রত পালনের উদ্দেশে। সূত্র: রোজনামায়ে জং
জেবি