images

আন্তর্জাতিক

হাতে বন্দুক ধরে স্ট্যাটাস দিয়ে সাসপেন্ড ওসি

আন্তর্জাতিক ডেস্ক

০২ মে ২০২৬, ০৪:৪৩ পিএম

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সম্প্রতি দুই দফায় অনুষ্ঠিত ভোটগণনার আগে কলকাতার কালীঘাট থানার ওসিকে সাসপেন্ড করা হয়েছে। 

হাতে বন্দুক ধরে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে গুরুত্বপূর্ণ ওই থানার ওসির বিরুদ্ধে ওই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্যের পুলিশ প্রশাসন।

কালীঘাট থানার ওসি গৌতম দাসকে সাসপেন্ড করে তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে চামেলি মুখোপাধ্যায় নামে এক নারী পুলিশ কর্মকর্তাকে। 

পশ্চিমবঙ্গ রাজ্যের শাসক দল তৃণমূল অভিযোগ করায় শনিবার ওসি গৌতমকে সাসপেন্ড করে কলকাতা পুলিশ। 

সম্প্রতি সমাজমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে বিতর্কে জড়ান গৌতম। শুক্রবার রাতে ওই ছবিকে ‘আপত্তিকর’ বলে দাবি করে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছিল তৃণমূল।

গৌতম নিজেই ফেসবুক এবং হোয়াট্‌সঅ্যাপ স্ট্যাটাসে ওই ছবি পোস্ট করেন বলেও দাবি করে তৃণমূল। শুক্রবার তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার ওই ছবিটি পোস্ট করেন।

তিনি জানান, দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ অগ্রবাল এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দকে এই বিষয়টি নিয়ে চিঠি লিখে অবগত করা হয়েছে। 

জয়প্রকাশের দাবি, গৌতম তার পোস্টে নিজের ছবি দিয়ে সেখানে ক‍্যাপশনে লিখেছেন, ‘নতুন দায়িত্বের জন্য প্রস্তুত।’ 

জয়প্রকাশ তার এক্স পোস্টে একটি ফেসবুক আইডিও দেন। যদিও সেই আইডির পোস্ট মুছে ফেলা হয়েছে। তৃণমূল নেতার মতে, ‘এ ধরনের ছবি শুধু অস্বস্তিকর নয়, আইনের চোখেও অত্যন্ত আপত্তিকর। ওই ছবি থেকে স্পষ্ট, তিনি অত্যাধুনিক বন্দুক নিয়ে কাউকে নিশানা করছেন।’

পশ্চিমবঙ্গে কর্তব্যরত কোনও পুলিশ কর্মকর্তা ইউনিফর্ম পরা অবস্থায় নিজের ছবি তুলে সমাজমাধ্যমে পোস্ট করতে পারেন না। 

সেটি কলকাতা পুলিশের সমাজমাধ্যম ব্যবহার সংক্রান্ত নির্দেশিকাতে উল্লেখ রয়েছে। অন্য অনেক রাজ্যেই এ ধরনের বিধিনিষেধ বলবৎ রয়েছে।

-এমএমএস