আন্তর্জাতিক ডেস্ক
০২ মে ২০২৬, ০৪:৫৩ এএম
হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের জন্য ইরানকে টোল প্রদানকারী যেকোনো জাহাজ কোম্পানিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির মতো দেশটির দাতব্য সংস্থাগুলোতে যেকোনো অনুদানও দেওয়ার বিষয়েও সতর্ক করেছে ট্রাম্প প্রশাসন।
শুক্রবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ কার্যালয়ের (ওএফএসি) এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়।
এতে বলা হয়, ‘নিরাপদ যাতায়াতের জন্য জাহাজ কোম্পানিগুলো ইরানি শাসকগোষ্ঠীকে কোনো ধরনের অর্থ প্রদান করা (প্রচলিত মুদ্রা, ডিজিটাল কারেন্সি বা অনানুষ্ঠানিক বিনিময় প্রথাও থাকতে পারে) বা তাদের কাছ থেকে নিরাপত্তা চাওয়া নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হয়, এ বিষয়ে মার্কিন ও অ-মার্কিন সংস্থা এবং ব্যক্তিদের সতর্ক করা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, দাতব্য অনুদান হিসেবে দেখানো অর্থপ্রদানগুলোও এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হবে, যার মধ্যে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি, বোনিয়াদ মোস্তাজাফান বা ইরানি দূতাবাসের অ্যাকাউন্টে প্রদান করা অর্থও রয়েছে। যারা অর্থ দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করার পর থেকেই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি পরেও গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি এখনও অনেকাংশে বন্ধ রেখেছে তেহরান। তার ওপরে মার্কিন নৌ অবরোধে ইরানের অপরিশোধিত তেল রপ্তানি আটকে গেছে। এতে বিশ্বের ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহ কার্যত বন্ধ হয়ে গেছে এবং বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়েই চলেছে ও অর্থনৈতিক মন্দার আশঙ্কা বাড়িয়ে তুলেছে।
মূলত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার সক্ষমতাকে ইরান একটি বড় কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এরই অংশ হিসেবে গত মাসে হরমুজ দিয়ে চলাচলকারী প্রতি জাহাজ থেকে প্রায় ২০ লক্ষ ডলার টোল আদায়ের ঘোষণা দেয় ইরান। ইতোমধ্যেই আরোপিত টোল থেকে সংগৃহীত প্রথম অর্থ ইরানের কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার।
গত ২৩ এপ্রিল ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে ডেপুটি স্পিকার হামিদরেজা হাজিবাবেই বলেছেন, ‘হরমুজ থেকে পাওয়া টোলের প্রথম অর্থ ইরানের সেন্ট্রাল ব্যাংকে ঢুকেছে।’ তবে কীভাবে রাজস্ব সংগ্রহ করা হয়েছিল বা কে তা পরিশোধ করেছিল, সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি ব্যবহারের জন্য ইরানকে টোল প্রদানকারী জাহাজগুলোকে হুমকি দিয়েছেন।
গত ১২ এপ্রিল নিজের ট্রুথ স্যোশালে এক পোস্টে ট্রাম্প জানান, ‘তিনি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক জলসীমায় থাকা এমন প্রতিটি জাহাজকে খুঁজে বের করে আটক করতে, যেগুলো ইরানকে টোল দিয়েছে’।
তিনি আরও বলেন, ‘যে অবৈধ টোল দেবে, গভীর সমুদ্রে তার যাত্রা নিরাপদ হবে না।’
সূত্র: আলজাজিরা
এমএইচআর